“মুওয়াত্তা ইমাম মালিক (র.) : একটি পর্যালোচনা”

ভূমিকা

মহাগ্রন্থ আলকুরআন ও আলহাদীস ইসলামী শরী‘আর দু’টি মূল উৎস। মহান আল্লাহ প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সা.) কে বিশ্ব মানবতার মুক্তির জন্য, হিদায়াতের পথ দেখানোর জন্য এ পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব আলকুরআন তাঁর উপর নাযিল করেছেন এবং এর সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ (সা.) এর কথা, কাজ ও অনুমোদনকে হাদীস বলে। কুরআনুল কারীমের ন্যায় হাদীসকেও সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামীন করেছেন। রাসূলুল্লাহ (সা.) এর পবিত্র যুগের পর যেসব সাহাবী মদীনায় বসবাস করতেন, তাঁরা ছিলেন নবী (সা.) এর ইলমের মুহাফিজ বা আমানতদার। তাঁদের পর তাবে‘ঈন উত্তরাধিকার সূত্রে সেসব ইলমের ধারক হন। যে সকল সাহাবী জিহাদ তথা ধর্ম প্রচারের উদ্দেশ্যে মক্কা ও মদীনার বাইরে, যেমন কূফা, বসরা, সিরিয়া, দামেশক, মিশর  প্রভৃতি শহরে অবস্থান করতেন, সেসব শহরের তাবেঈন তাঁদের রেওয়ায়েত ও ফাতওয়াসমূহের ধারক বাহক ছিলেন। মদীনা ইসলামের প্রাণকেন্দ্র। এ পবিত্র শহরের সাহাবা ও তাবে‘ঈনের রেওয়ায়েতসমূহ এবং জ্ঞান ভাণ্ডারকে বিশুদ্ধতার নিরিখে যাচাই এবং পরে বিন্যাস করে গ্রন্থ রচনার সৌভাগ্য অর্জন করেছেন একমাত্র ইমাম মালিক ইবন আনাস (র.)। তাঁর সংকলিত মুওয়াত্তাকে তাই মদীনার জ্ঞান ভাণ্ডার এর বিশেষ সংকলন বলা হয়। আলোচ্য প্রবন্ধে ইমাম মালিক ইবন আনাস (র.) এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত ও তাঁর সংকলিত মুওয়াত্তা সম্পর্কে আলোকপাত করা হবে।

ইমাম মালিক (র.) এর পূর্ণ নাম

ইমাম মালিক  এর পূর্ণ নাম, আবূ ‘আব্দিল্লাহ মালিক ইবনে আনাস । আবূ ‘আব্দিল্লাহ তাঁর কুনিয়্যত এবং উপাধি ‘ইমামু দারিল হিজরত’। পিতার নাম আনাস। হিজাযের ফকিহগণের শিরমণি। তিনি ‘আরবি এবং হিময়ার রাজ বংশদ্ভূত ব্যক্তি।

বংশ পরিচয়

মালিক ইবনে আনাস ইবনে মালিক ইবনে আবী আমির নাফি ইবনে উমর ইবনে হারিস ইবনে গায়মান ইবনে জামিল মতান্তরে জুছাইল ইবনে আ‘মর ইবনে হারিস আল আসবাহী।  তিনি মদীনা ও সিরিয়ার মধ্যবর্তী ওয়াদী আল-কুরার যুল-মারওয়া নামক পল্লীতে এক দরিদ্র ও আলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বংশ খালিস আরবীয় বংশ। জাহেলিয়া এবং ইসলাম উভয় যুগে তাঁর গোত্র সম্মান ও পতিপত্তির অধিকারী ছিল। তাঁর পূর্বপুরুষগণের দেশ ছিল ইয়ামান। ইয়ামানের সর্বশেষ শাহী খান্দান ‘হিময়ার’ এর একটি শাখা  আসবাহ। ইমামের বংশের প্রধান ব্যক্তি হারিস সেই আসবাহ খান্দানের প্রাণপুরুষ ছিলেন। তাই তার উপাধি ছিল ‘যু আসবাহ’। তাঁর দাদার পিতা আবু আমির ২য় হিজরিতে (৬২৪ খৃ.) সপরিবারে ইয়ামান থেকে মদীনায় আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তথায় স্থায়ীভাবে বসবাস করেন।

তাঁর পিতামহ মালিক ইবনে আবি আমির একজন প্রভাবশালী তাবেঈ এবং ‘সিহাহ সিত্তাহ’-এর রাবীগণের অন্তর্ভুক্ত ছিলেন।  হযরত উসমান (রা.) এর সাথে তাঁর বিশেষ সম্পর্ক ছিল। হযরত উসমানের শাহাদাতের পর শত্রুর কবল থেকে তাঁর লাশ উদ্ধার করে দাফন করার দুরূহ কাজ যারা সম্পাদন করেছেন তিনি সেই সাহসী পুরুষগণের একজন। মালিক ইবনে আবি আমির- এর তিন পুত্র। ১. আনাস, ২. রবী, ৩. আবূ সুহায়েল নাফি। আনাস, ইমাম মালিকের পিতা স্বীয় খান্দান সূত্রে প্রাপ্ত ইলমের অধিকারী ছিলেন, তবে তিনি ইলমে হাদীসে বিশেষ ব্যুৎপত্তি লাভ করতে পারেন নি। ইমাম মালিকের মাতার নাম আলিয়া বিনতে শরীফ ইবন আব্দুর রহমান আল আয়দিয়াহ (র.)।

জন্ম ও বাল্যকাল 

ইতিহাসবেত্তা ইয়াফি‘ঈ তাঁর জন্মসন হিজরি ৯৪ এবং ইবন খাল্লিকান হিজরি ৯৫ সাল বলে উল্লেখ করেছেন। আসলে তাঁর জন্মসন হচ্ছে ৯৩ হিজরি । ইতিহাসবেত্তা সামআনী ও মুহাদ্দিস আল্লামা যাহাবী একে গ্রহণ করেছেন। ইমামের প্রখ্যাত শাগরিদ ইয়াহইয়া ইবন বুকাইর (র.) এরূপ বর্ণনা করেছেন। মালিক (র.) ইমাম আবু হানিফা (র.) হতে বয়সে ১৩ বছরের ছোট। ইমাম আবু হানিফা (র.) এর জন্ম ৮০ হিজরিতে। ইমাম মালিক (র.) এর জন্ম ৯৩ হিজরিতে।

ইমাম মালিক এমন এক পরিবারে জন্মগ্রহণ করেন যে পরিবারের সদস্যবৃন্দ হাদীস তথা ইসলামী জ্ঞান চর্চার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন । তিনি মদীনা মুনাওয়ারায় লালিত-পালিত হন। বাল্যকাল হতে তিনি নিজেকে জ্ঞানচর্চার পরিবেশে পান। ঘরে ও বাইরে আলিমদের সমাবেশ থাকত।  সর্বদা কুরআন ও সুন্নায় অভিজ্ঞ সাহাবা ও তাবে‘ঈগণ এ পবিত্র শহরে বসবাস করতেন । পবিত্র মদীনা নবুয়তের যুগে  এবং সে যুগের পর ২৪/২৫ বছর যাবত ইসলামী রাষ্ট্রের কেন্দ্রস্থল ছিল। এ স্থান হতেই ইসলামী রাষ্ট্রের নির্দেশাবলি ও  ফতওয়া সমূহ  ফকীহ সাহাবাগণের মজলিসে আলোচিত ও গৃহীত হওয়ার পর সমগ্র মুসলিম দুনিয়াতে প্রচারিত হত। প্রথম চার খলীফা ছাড়াও আরও অনেক সাহাবী এ শহরে কুরআন ও হাদীস চর্চা ও শিক্ষাদান করেছেন। পরবর্তীকালের প্রায় সকল মুহাদ্দিস, মুফাস্সির ও ফকীহ তাঁদের জ্ঞান ও বিদ্যার উত্তরাধিকার  ছিলেন বলা যায়।

জ্ঞানার্জন ও হাদীস শিক্ষা গ্রহণ

ইমাম মালিক (র.) উত্তম ফিকহশাস্ত্রবিদ তাবি‘ঈ ও জ্ঞানী ব্যক্তিগণের যুগ লাভ করেন। তিনি যখন জন্মগ্রহণ করে চক্ষু খুললেন, তখন মদীনা ছিল ইলমে দ্বীনের প্রাণকেন্দ্র। সেখানকার প্রায় সকল উলামা ছিলেন দরস ও ইফতার কাজে নিয়োজিত। তাঁদের নিকট গমন করে প্রায় সকলের নিকট থেকে জ্ঞান আহরণ ও হাদীস সংগ্রহ করেন। ফলে পবিত্র মদীনার সকল জ্ঞানভাণ্ডার তাঁর পবিত্র সিনায় একত্র ও সঞ্চিত হয়। তাই তাঁর উপাধি হয় ‘ইমামু দারুল হিজরত’। তিনি সর্বদা জ্ঞান অর্জনে ও সুন্নাহ সংগ্রহে কঠিন প্রচেষ্টায় নিয়োজিত থাকতেন। এরই ফলে তিনি আল্লাহ তা‘আলার যমীনে আল্লাহর দলীল সমূহের মধ্যে অন্যতম একটি দলীল হিসেবে পরিগণিত এবং উদাহরণে পরিণত হন।  এ প্রসঙ্গে বলা হত, لايفتى ومالك بالمدينة -‘মালিক (র.) মদীনায় জীবিত থাকাকালীন সময়ে তথায় তিনি ছাড়া আর কেউ ফাতওয়া প্রদানের অধিকার রাখে না’। ইমাম ইলম শিক্ষার জন্য মদীনার বাইরে কোন শহরে  যান নি। এর কারণ স্পষ্ট যাঁর গৃহেই ইলমের ভাণ্ডার ও জ্ঞানের খনি, অন্যের কাছে যাওয়ার তাঁর কোন প্রয়োজন ছিল না। পবিত্র মদীনা তখন স্বয়ং মুসলিম জাহানের বিদ্যাপীঠ। সব জায়গা হতে শিক্ষার্থীগণ এ শহরে আগমন করতেন।

মালিক (র.) এর পিতামহ ইবনে আবি ‘আমির (র.) একজন হাদীস বিশারদ ছিলেন। তিনি সিহাহ সিত্তাহর হাদীস গ্রন্থসমূহের রাবীদের অন্তর্ভুক্ত ছিলেন । তাঁর যখন ওফাত হয় তখন ইমাম মালিকের বয়স মাত্র দশ বছর। তাই তিনি তাঁর পিতামহ হতে জ্ঞান  অর্জন করার সুযোগ পান নাই। ইমাম মালিক (র.) এর চাচা আবূ সুহায়ল নাফিও হাদীসবিশারদ ছিলেন।  তিনি ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস যুহরীর ওস্তাদ। ইমাম মালিক (র.) তাঁর থেকে হাদীস শিক্ষা করেছেন ।  বাল্যকাল হতেই ইমাম মালিক (র.) নিজেকে হাদীস শিক্ষায় নিয়োজিত রাখেন। তিনি নিজেই বর্ণনা করেছেন, حدثني مالك قال : كنت آتي نافعا وأنا غلام حديث السن فيحدثني وكان يجلس بعد الصبح في المسجد

অর্থাৎ “আমি নাফি (র.) এর নিকট  যেতাম অথচ আমি তখন বালক । আমার বয়স কম। নাফি‘ আমার নিকট হাদীস বর্ণনা করতেন এবং তিনি ফজরের পর মসজিদে বসতেন।”

ইমাম মালিক (র.) ইলমে কিরাতের সনদ লাভ করেন মদীনার খ্যাতনামা ক্বারী আবু রদীম নাফি ইবনে আবদুর রহমান (মৃ. ১৬৯ হি.) হতে। তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর (রা.) এর মুক্ত করে দেয়া ক্রীতদাস।

তিনি হাদীস শিক্ষা করেন প্রথমে তাঁর চাচা আবু সুহায়াল নাফি‘ হতে অতঃপর নাফি ইবনে হুরমুয দাইলামী (র.) হতে, যে নাফি ত্রিশ বছর কাল আব্দুল্লাহ ইবনে উমর (রা.) এর খেদমতে নিয়োজিত ছিলেন। ইমাম যুহরী, আওযাঈ, আইয়ুব সখতিয়ানি, ইবনে জুরাইজ ও ইমাম মালিক (র.) এর মত স্বনামধন্য ব্যক্তিগণ তাঁর শিষ্য। নাফি‘ যতদিন জীবিত ছিলেন ইমাম মালিক (র.) তার দরসে বসতেন । তাঁর নিকট জিজ্ঞাসা করতেন, অমুক মাসআলার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর (রা.) কি বলতেন?। নাফি (র.) তখন আব্দুল্লাহ ইবনে উমর (রা.) এর অভিমত বর্ণনা করতেন ।

ইমাম মালিক (র.) বলতেন,  আমি নাফি‘ হতে আব্দুল্লাহ  ইবনে উমর (রা.) এর হাদীস শোনার পর অন্য কারও নিকট থেকে ওটির সমর্থন শোনার তোয়াক্কা করতাম না । তাই -مالك عن نافع عن ابن عمر رضي الله عنهما “মালিক  নাফি  হতে, নাফি  ইবনে উমর হতে ” এই সনদটিকে  হাদীসের জগতে  সিলসিলাতুয জাহাব বা স্বর্ণ সনদ  বলে আখ্যায়িত করা হয়। নাফি‘ যতদিন জীবিত ছিলেন ইমাম মালিক ততদিন তাঁর নিকট শিক্ষা গ্রহণ করেন। এছাড়া তিনি মদীনায় হযরত আয়েশা (রা.) এর মাওলা আলকামা ইবন আবী আলকামার নিকট আরবি ব্যাকরণশাস্ত্র অধ্যয়ন করেন।

শিক্ষকবৃন্দ

ইমাম মালিক (র.) নাফি‘ ও আলকামার নিকট লেখাপড়া করার পর হাদীস ও ফিকহশাস্ত্রে বুৎপত্তি অর্জনের উদ্দেশ্যে বহু শাইখের নিকট শিক্ষা গ্রহণ করেন। এঁদের মধ্যে মদীনার খ্যতনামা তাবে‘ঈ বিশিষ্ট ফকীহ রবী’আ ইবনে আবী আব্দির রহমান আল রায় (র.) (মৃ. ১৩৬ হি./৭৫৩ খৃ.), ফিকহ শাস্ত্রে প্রসিদ্ধ আলিম মদীনার আব্দুল্লাহ ইবন ইয়াযিদ ইবন হরমুয (র.) (মৃ. ১৪৮ হি./৭৬৫খৃ.)।

ইমাম মালিক (র.) এর আর এক উস্তাদ হচ্ছেন মুহাম্মাদ  ইবনে মুসলিম  ইবনে উবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাব যুহরী আল কুরায়শী (র.) (মৃ. ১২৪ হি./৭৪২ খৃ.) । তিনি সিরিয়ায় বসবাস করতেন। একবার ইমাম তাঁকে বললেন, “আপনি মদীনায় ইলম শিক্ষা করেছেন। যখন কামিল হয়ে গিয়েছেন তখন মদীনা ছেড়ে সিরিয়া চলে গিয়েছেন। সেখানেই বসবাস করছেন। উস্তাদ উত্তরে বললেন “মদীনাবাসীরা যখন পরিবর্তন হলেন, পূর্বের ন্যায় রইলেন না আমিও তখনই মদীনা ত্যাগ করলাম”। ইমাম যুহরী (র.) বললেন “যে ইলম আমি অন্তরে একবার আমানত রেখেছি, উহা আর কখনও হারাই নি” । হাদীস বেত্তাগণ বলেন, ইমাম যুহরী (র.) হতে হাদীসের মতন ও সনদের অধিক হাফেজ কেউ ছিলেন না। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল (র.) এর নিকট তাঁর পুত্র জিজ্ঞাসা করলেন, ইমাম  যুহরীর  শাগরিদগণের মধ্যে  সর্বাপেক্ষা নির্ভরযোগ্য কে? তিনি বললেন,  ইমাম মালিক ইবনে আনাস । জা’ফর ইবনে মুহাম্মদ ইবনে ‘আলী ইবনে হুসায়ন (রা.) ও ইমাম মালিকের ওস্তাদ। তিনি জাফর সাদিক (র.) বলে খ্যাত (মৃত ১৪৮ হি.) ইনি ব্যতীত  আরও  উল্লেখ করা যায় ইমাম মুহাম্মাদ ইবনে মুনকাদির মাদানী, (মৃ. ১৩০ হি./৭৪৮ খৃ.)  মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া আনসারী, আবু হাযিম সালমা ইবনে দীনার, আবু সাঈদ ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী (মৃ. ১৪৩ হি./ ৭৬০ খৃ.) প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। মুয়াত্তার শুয়ুখের সংখ্যা একমতে ৭৫ জন, আর একমতে ৯৪ জন।

ইমাম মালিক (র.) এর অন্যান্য শায়খের নাম

ইবরাহীম ইবনে আবু ‘আবলা মুকাদ্দিসী, ইবরাহীম ইবনে উকবাহ আসাদি আল-মাদানী, ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবু তালহা, ইসমাঈল  ইবনে আবু হাকীম আল-মাদানী, ইসমাঈল ইবনে মুহাম্মাদ ইবনে সা’দ আল মাদানী, আইয়ুব ইবনে তামীমা সখতিয়ানী আল-বসরী, আইয়ুব ইবনে হাবীবা আল-মাদানী, বুকাইর আল আসজ আল-মাদানী, সওর ইবনে যায়দ আল মাদানী,জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল হাশীমি আল মাদানী, জামিল ইবনে আবদুর রহমান আল মাদানী, হুমাইদ ইবনে আবু হুমাইদ তবিল আল বসরী, হুমাইদ ইবনে কায়স ‘আল-আরজ আল মাক্কী, খুবাইব আবদুর রহমান আল মাদানী, দাউদ ইবনে হুসাইন আল উমভী আল মাদানী, রাবীয়া ইবনে আবদুর রহমান আর রায় মাদানী, যিয়াদ ইবনে সা’দ  আল খুরসানী, যায়দ ইবনে আসলাম আল-মাদানী, যায়দ ইবনে আবু উনায়সা আয-যাজরী, যায়দ ইবনে রাবাহ আল মাদানী, সালিম ইবনে আবু উমাইয়া আল মাদানী, সাঈদ ইবনে ইসহাক আল কুযায়ী আল মাদানী, সাঈদ ইবনে আবু সাঈদ ইবন কীসান আল মাদানী, সালমা ইবনে দীনার আবু হাযিম আল—মাদানী, সালমা ইবনে সাফওয়ান আনসার আল-মাদানী, সুমাই আল-মাখযুমী আল মাদানী, সুহায়ল ইবনে আবু সালিহ জাকওয়ান আল মাদানী, শরীক ইবনে আব্দুল্লাহ আল মাদানী, সালেহ ইবনে কীসান আল মাদানী, সাফওয়ান ইবনে সুলাইম আল মাদানী, সায়ফী ইবনে যিয়াদ আনসারী আল মাদানী, যামরা ইবনে সাঈদ আনসারী ্আল মাদানী, তালহা ইবনে আব্দুল্লাহ খুযায়ী ‘আমির ইবনে আব্দুল্লাহ আযযুবাইর আল মাদানী, আব্দুল্লাহ ইবনে আবু বকর হাযম আল মাদানী, আব্দুল্লাহ ইবনে দীনার আল মাদানী, আব্দুল্লাহ ইবনে জাকওয়ান আবুয যিনাদ আল মাদানী, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ যাবির আল মাদানী, আব্দুল্লাহ  ইবনে আবদুর রহমান আবু তিওয়ালা আল মাদানী, আব্দুল্লাহ ইবনে ফযল ইবনে আব্বাস আল মাদানী, আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ মাখরামী আল- মাদানী, আব্দুর রাব্বিহি ইবনে সাঈদ আল আনসারী আল- মাদানী, আবদুর রহমান ইবনে খারমালা আল মাদানী, আবদুর রহমান ইবনে উবাইদুল্লাহ ইবনে আবি ছা ছা’আ আল মাদানী, আবদুর রহমান ইবনে কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর সিাদ্দক আল- মাদানী, আবদুল করীম ইবনে আবুল মুখারিক আল-বসরী, আবদুল মাজীদ ইবনে সুহায়ল ইবনে আবদুর রহমান ইবনে আওফ আল-মাদানী, উবায়দুল্লাহ ইবনে সুলায়মান, উবাইদুল্লাহ ইবনে আবদুর রহমান, ‘আতা ইবনে আবু মুসলিম আল খুরসানী, আলকামা ইবনে আলকামা বিলাল আল মাদানী, উমরাহ ইবনে আব্দুল্লাহ আল আনসারী, উমর ইবনে হারিস আবুল মুনিয়্যা আল মাদানী, আমর ইবনে আবী উমর মাাসারাহ আল মাদানী, ‘আমর ইবনে ইয়াহইয়া লাজিকী আল মাদানী, ‘ই’য়ালা ইবনে আব্দুর রহমান আল হারকী আল মাদানী, ফুযাইল ইবনে আবু আব্দুল্লাহ আল মাদানী, কাতন ইবনে ওয়াহাব আল মাদানী, মালিক  ইবনে আবি আমির আসবাহি আল মাদানী, মুহাম্মদ ইবনে আবু  উমামা, সুহাইল ইবনে হুনাইফ আনসারী আল মাদানী, মুহাম্মদ ইবনে আবু বকর আউফ আল হিজাজী, মুহাম্মদ ইবনে আবু হাযম আনসারী আল মাদানী, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে ছা‘ ছা’আ আ আল মাদানী, মুহাম্মদ ইবনে আব্দুর রহমান নওফল আসাদি আল মাদানী, মুহাম্মাদ ইবনে উমারা ইবনে আমর আনসারী আল মাদানী, মুহাম্মদ ইবনে আমর ইবনে হালহালা আদ্দীবলী আল মাদানী, মুহাম্মাদ ইবনে আমর ইবনে আলকামা লায়সী আল মাক্কী, মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে হাব্বান আনসারী আল মাদানী, মাখরামা ইবনে সুলায়মান আসদী আল মাদানী, মাখরামা ইবনে বুকাইরুল আসজ আল মাদানী, মুসলিম ইবনে আবি মরিয়ম আল মাদানী, মিসওয়ার ইবনে রিফায়াতুল কুরাজি আল মাদানী, মূসা ইবনে আবি তামিম আল মাদানী, মুসা ইবনে উকবা  আল মাদানী, মুসা ইবনে মায়সারা আল মাদানী, নাফি‘ ইবনে মালিক আবু সুহাইল আসবাহী আল মাদানী, নাফি‘ মাওলা ইবনে উমর আল মাদানী, নু‘য়াঈম ইবনে আব্দুল্লাহ আল মাদানী, অলীদ ইবনে আব্দুল্লাহ  ইবনে সাইয়াদ আল মাদানী, ওহাব ইবনে কীসান আল কুরায়শী  আল মাদানী, হাশিম ইবনে ইতবা ইবনে আবি ওয়াক্কাস আল মাদানী, হিশাম ইবনে উরওয়াহ ইবনে যুবাইর ইবনে আওয়াম আল মাদানী, হিলাল ইবনে উসামা আল মাদানী, ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী আল মাদানী, ইয়াযিদ ইবনে  রোমান  আসাদি আল মাদানী, ইয়াযিদ ইবনে যিয়াদ আল মাদানী, ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে উসামা লায়সী  আল মাদানী, ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে খুসাইফা কিনদী আল মাদানী, ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে বসীত লায়সী  আল মাদানী, ইউনুস ইবনে ইউসুফ আল মাদানী, আবু বকর ইবনে উমর ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব আল মাদানী, আবু বকর ইবনে নাফি‘ মাওলা আব্দুল্লাহ ইবনে খাত্তাব আল মাদানী, আবু লায়লা ইবনে আব্দুর রহমান আল মাদানী।

উপরোক্ত ফিরিস্থি পাঠ করলে দেখা যায় ইমাম মালিক (র.) এর কিছু সংখ্যক  এমন শায়খও ছিলেন, যাঁরা মাদানী নয় সিরিয়ার একজন ইবরাহীম ইবনে আবি আবলা মুকাদ্দিসী, মক্কা শরীফের দুই জন মুহাম্মদ ইবনে মুসলিম আবু যুবাইর মাক্কী, হুমাইদ ইবনে কায়স আর আরয আল মাক্কী । দুই জন খুরাসানের আতা ইবনে আবি মুসলিম আল খুরসানি, যিয়াদ ইবনে সাদ আল খুরসানী, দুই জন জাযীরার আবদুল কারীম ইবনে মালিক আল জযরী। তিন জন বসরার- আইয়ুব সখতিয়ানী আল বাসরী, হুমাইদ ইবনে আবি হুমাইদ তবীল আল বাসরী ও আবদুল করীম ইবনে আবুল মুখরিক আল বাসরী।

ইমাম মালিক (র.) উপরোক্ত দেশ সমূহ সফর করেন নাই। যিয়ারতে মদীনার উদ্দেশ্যে বৎসরে একবার বা একাধিকবার প্রায় মাশায়েখ মদীনায় আসতেন । সম্ভবত মদীনা শরীফে  এই সব মনীষীর নিকট হতে হাদীস শিক্ষা করার সুযোগ লাভ করেন। ইমাম মালিক (র.) ইলমে ফিকহ শিক্ষা করেছিলেন বিশেষভাবে মদীনার বিশিষ্ট ফিকহবিদ আবু উসমান রাবিয়াতুর রায় (র.) হতে । তাঁকে ‘শায়খই-মালিক বলা হত । ইমাম রাবিয়াতুর রায় এর ইন্তিকালের পর ইমাম মালিক (র.) বলতেন “যখন রাবিয়া ইন্তিকাল করেছেন তখন হতে ফিকহের স্বাদ খতম হয়েছে।  যাঁদের যোগ্যতা সর্বজন স্বীকৃত, ইমাম মালিক (র.) শুধু সে উস্তাদগণ হতেই ইলম হাসিল করতেন।

হাদীস ও ফিকহ শিক্ষাদান

ইমাম মালিক তাঁর যুগে মদীনায় সর্বশ্রেষ্ঠ হাদীসবিদ ও ফকীহ হিসেবে আবির্ভূত হন। মদীনা নগরী তথা দূর-দূরান্তের প্রত্যন্ত অঞ্চল থেকে বহু ছাত্র হাদীস ও ফিকহ শাস্ত্রে জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে তার নিকট আগমন করেন। তিনি এ সকল অনুরাগী ছাত্রদেরকে ইসলামী জ্ঞান শিক্ষা দেয়ার উদ্দেশ্যে মসজিদে নববীতে শিক্ষার মজলিস চালু করেন।  মসজিদে নববীতে বসেই তিনি ছাত্র ও ভক্তদের হাদীস ও ফিকহ বিষয়ে পাঠদান করতেন। হাদীসের পাঠদানে ইমাম মালিক খুবই আগ্রহবোধ করতেন এবং এটাকে তিনি ইসলাম প্রচারের একটি অংশ হিসেবে মনে করতেন। তিনি রাসূলের (সা.) হাদীস পাঠদান করতেন গভীর ভক্তি শ্রদ্ধার সঙ্গে। পাঠদানের প্রারম্ভে গোসল করা, পরিষ্কার জামা কাপড় পরিধান করা ও খোশবু ব্যবহার ইত্যাদি ছিল তার নৈমত্তিক অভ্যাস। হাদীসের দারস চলাকালে তিনি অপ্রয়োজনীয় কথা বলা ও হাসাহাসি করা ইত্যাদি থেকে বিরত থাকতেন।  এছাড়া বার্ধক্যকালে প্রথম দিকে হযরত আবদুল্লাহ ইবন মাসউদের বাসগৃহে ও পরে নিজের বাসগৃহে অসংখ্য শিষ্যদের হাদীস শিক্ষাদান করেন। তৎকালে মদীনা তথা ইসলামী জগতের সর্বত্রই ইমাম মালিক একক নামে বিখ্যাত ছিলেন।

ইমাম মালিক (র.) এর ছাত্রবৃন্দ

ইমাম মালিক (র.) এর শাগরিদের সংখ্যা তের শতের (১৩০০) ঊর্ধ্বে হবে। তাদের প্রত্যেকেই (৪/৫) জন ব্যতীত যুগশ্রেষ্ঠ আলিম ছিলেন। ইমাম বুখারী (র.) এর শাগরিদ সংখ্যা ৯০,০০০ হলেও তাদের মাঝে আম-খাস মিশ্রিত রয়েছে। অনেকের অবস্থা অজ্ঞাত। কিন্তু মালিক (র.) এর যে ১৩০০ শাগরিদের উল্লেখ করা হয়েছে তাঁদের অবস্থা জ্ঞাত রয়েছে।

আবু বকর খাতীব বাগদাদী, ইবনে বসকোয়াল আন্দালুসী, কাযী আয়ায, শামসুদ্দীন দামেশকী, হাফিয সূয়ূতি প্রমুখ বিখ্যাত মুহাদ্দিস বিস্তারিতভাবে ইমাম মালিক (র.) এর শাগরিদেগণের অবস্থা বর্ণনা করেছেন। বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের সমাবেশ যেরূপ ইমাম মালিক (র.) এর শাগরিদগণের মধ্যে দেখা যায়, তদ্রুপ অন্য কোন ইমামের বেলায় পরিলক্ষিত হয় না। ইমাম আবু হানিফা (র.) এর শাগরিদ আরব-আযম সর্বত্র থাকলেও আফ্রিকা ও আন্দালুসিয়া তাঁর ফয়েয ও বরকত হতে বঞ্চিত রয়েছে। আওযায়ীর ইলম আন্দালুসিয়ায় প্রচারিত হলেও অনারব দেশগুলিতে তা প্রচারিত হয় নি। কিন্তু ইমাম মালিক (র.) এর ফয়েয ও ইলম মুসলিম বিশ্বের সর্বত্র প্রচারিত হয়েছে।

ছাত্রদের কেবল সংখ্যা বৃদ্ধিই আমাদের নিকট মর্যাদা ও গৌরবের বস্তু নয়, যদি না তার সাথে যোগ হয় যোগ্যতা ও  মেধাশক্তি, সম্মান ও প্রতিপত্তি। ইমাম মালিক (র.) এ ব্যাপারে অতি ভাগ্যবান। ইমাম যুহরী, ইমাম জাফর ইবনে মুহাম্মদ, ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী, নাফি, হিশাম ইবনে উরওয়াহ,  ইয়াহইয়া ইবনে সাইফুল কাত্তান, সুফিয়ান সওরী, আওযায়ী, ইমাম মুহাম্মদ, ইমাম আবূ ইউসুফ, ওয়াকি, আবদুল্লাহ ইবনে দীনার, সুফিয়ান ইবনে উয়াইনা, আবদুল্লাহ ইবনে মুবারক, আবদুর রহমান ইবনে কাসিম, ইমামে মিসর লাইস ইবনে সা’দ, সুলায়মান ইবনে আ’মাশ, আইয়ুব সাখতিয়ানী, যোবায়র ইবনে বককার, শুবা ইবনুল হাজ্জাজ, মূসা ইবনে ওকবাহ, আবদুর রহমান ইবনে মাহদী, ইবনে জুরাইজ প্রমূখ বিখ্যাত জ্ঞানীগুণী ব্যক্তি ইমাম মালিক (র.) হতে হাদীস শিক্ষা করেছেন। অথচ উল্লিখিত সকলেই বিজ্ঞ ও ব্যক্তিত্ব সম্পন্ন আলিম, মুহাদ্দিস ও ফকীহ  ছিলেন। ইমাম মালেক (র.) এর শাগরিদগণের মধ্যে যে কত শ্রেণির লোকের সমাবেশ হয়েছিল তার প্রতি লক্ষ্য করলে বিস্ময়ের সৃষ্টি হয়। তার শিষ্যবৃন্দের মধ্যে নিম্নোক্তদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

১.     আবু তাম্মাম আবদুল আযীয ইবন আবী হাশিম (মৃ. ১৮৫ হি. / ৮০১ খৃ.)

২.     উসমান ইবন ঈসা ইবন কানানা (মৃ. ১৮৫ হি. / ৮০১ খৃ..)

৩.    মুগীরা ইবন আবদির রহমান আল-মাখযুমী (মৃ. ১৮৬ হি./ ৮০২ খৃ.)

৪.     মুহাম্মাদ ইবনুল হাসান আল শায়বানী (মৃ. ১৮৯ হি. / ৮০৫ খৃ.)

৫.    আবু আবদিল্লাহ আবদুর রহমান ইবনুল কাসিম আল-উতাকী (মৃ. ১৯১ হি./ ৮০৬ খৃ.)

৬.    আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবন ওহাব (মৃ. ১৯৭ হি./ ৮১২ খৃ.)

৭.     আশহাব ইবন আবদিল আযীম (মৃ. ২০৪ হি./ ৮১৯ খৃ.)

৮.    আবদুল্লাহ ইবন নাফি আল ছায়িগ (মৃ. ২০৬ হি./ ৮২১ খৃ.)

৯.    আবুল হাসান আলী ইবন যিয়াদ আল-তিউনিসী (মৃ. ১৮৩ হি./ ৭৯৯ খৃ.)

১০.    মুহাম্মদ ইবন ইদরীস আল-শাফিঈ (মৃ. ২০৪ হি./ ৮১১ খৃ.)

১১.    আবু মুহাম্মদ বিশর ইবন উমর আল-যাহরানী (মৃ. ২০৯ হি./ ৮২৯ খৃ.)

১২.    আবদুল মালিক ইবন আবদিল আযীয আল-মাজিসুন (মৃ. ২১২ হি./ ৮২৭ খৃ.)

১৩.   আবদুল্লাহ ইবন আবদিল হাকাম ইবন আযুন (মৃ. ২১৪ হি./ ৮২৯ খৃ.)

১৪.    আবু মুছয়াব মুতাররিফ ইবন আবদিল্লাহ (মৃ. ২১৪ হি./ ৮২৯ খৃ.)

১৫.    আসাদ ইবন ফুরাত (মৃ. ২১৩ হি./ ৮২৯ খৃ.)

১৬.   আবু হিশাম মুহাম্মদ ইবন মুসলিমা (মৃ. ২১৬ হি./ ৮৩১ খৃ.)

১৭.    আবু বকর আবদুল্লাহ ইবন নাফি আল যুবাইরি (মৃ. ২২০ হি./ ৮৩৫ খৃ.)

১৮.   আবু আবদির রহমান আবদুল্লাহ ইবন মুসলিমা ইবন কানাব আল কানাবী (মৃ. ২২১ হি./ ৮৩৭ খৃ.)

১৯.   আবু যাকারিয়া ইয়াহয়া ইবন ইয়াহয়া ইবন বকর আল-তামীমী (মৃ. ২২৬ হি./ ৮৪১ খৃ.)

২০.    আবু মুহাম্মদ যাহুরা ইবন যাহরা আল লাইছী আল-মাছমুদী (মৃ. ২৩৪ হি./ ৮৪৯ খৃ.)

২১.    আবু মুছআব আহমদ ইবন আবী বকর আল-যুহরী (মৃ. ২৪১ হি./ ৮৫৫ খৃ.)।

 

ইমাম মালিক (র)-এর কিতাবসমূহের সংক্ষিপ্ত পরিচিতি

ইমাম মালিক (র.) কর্তৃক সংকলিত অথবা তাঁর দিকে منسوب বা সম্পর্কিত কিতাবসমূহের তালিকা নিম্নে প্রদত্ত হল :

১.  المؤطاমুওয়াত্তা (এটা ইমাম মালিক (র.) এর সংকলিত হাদীসের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ । এর বিস্তারিত আলোচনা পরবর্তীতে উল্লেখ করা হয়েছে।

২. رسالة مالك الى الرشيد في الاداب والمواعظ (রিসালা মালিক ইলা আল রশীদ ফিল আদাবি ওয়া আল-মাওয়ায়িয) খলীফা হারুনুর রশীদের উদ্দেশ্যে লিখিত তাঁর এ পুস্তিকা ২২ পৃষ্ঠায় রচিত। পত্রাকারে লিখিত এ পুস্তিকায় ইমাম মালিক (র.) খলীফা হারুনুর রশীদকে দ্বীন-দুনিয়া ও আখলাক সম্বন্ধীয় অনেক নসীহত করেছেন।

৩. احكام القران (আহকাম আলকুরআন) কুরআনের যেসব আয়াতে আহকামের আলোচনা রয়েছে, সেসব আয়াতের ব্যাখ্যা ইমাম কর্তৃক প্রদত্ত হয়েছে। এর রচয়িতা হলেন প্রসিদ্ধ আলিমে-কুরআন আবূ মুহাম্মদ মক্কী ইবনে তালিব। তিনি আন্দালুসিয়ার বাসিন্দা। তিনি হিজরী চতুর্থ শতাব্দীর প্রখ্যাত মুফাস্সির। এটা ইমাম মালিক (র.) এর স্বরচিত কিতাব নয়। এই কিতাবের পূর্ণ নাম হচ্ছে :

كتاب الماثور عن مالك فى احكام القران

৪. المدونة الكبرى (আল মুদাওয়্যানা আলকুবরা) এটা মালিকী ফিক্হ-এর একটি বিরাট কিতাব। এটাও ইমাম মালিক (র.)-এর স্বরচিত কিতাব নয়। ইমামের একজন বিশিষ্ট শাগরিদ ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া মাসমূদী কর্তৃক রচিত। ফিকহ সম্পর্কে ইমাম মালিক (র.) যেসব বক্তব্য  রেখেছেন এটা সেসব (ملفوظات فقهية ) বক্তব্যের সংকলন, তবে এটা রচিত হয়েছে ইমামের যুগে। ইমাম মালিক (র.) হতে এসব মাসায়েল শুনে তাঁর নিকট হতে সনদ গ্রহণের উদ্দেশ্যে মিসর হতে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া মাসমূদী যখন ইমাম মালিক (র.) এর খিদমতে উপস্থিত হলেন তখন ইমাম অন্তিমশয্যায় শায়িত। সুতরাং সনদ গ্রহণ সম্ভব হয় নি।

৫. رسالة امام مالك الى ابن مطرف (রিসালা মালিক ইলা ইবন মুত্তারিফ) ইমামের শিষ্য গাসসান ইবনে মুহাম্মদের নামে ফতোয়ার বাহাসের উপর লিখিত এটি একটি রিসালাহ।

৬. رسالة امام مالك الى ابن وهب (রিসালা মালিক ইলা ইবন ওহাব) এটা ইমামের শাগরিদ রশীদ ইবনে ওহাবের নাম লিখিত একটি রিসালাহ। বিষয়বস্তু হচ্ছে قضا وقدر – তকদীর এবং ফয়সালা সম্পর্কীয়। কাযী আয়ায (র.) এই রিসালাহর ভূয়সী প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ইবনে ওহাব বিশ বছর ইমাম মালিক (র.) এর সঙ্গে অতিবাহিত করেছেন। তাঁকে (ديوان) ইলমের দফতর বলা হত।

৭. كتاب الاقضية (কিতাবুল আকযিয়াহ) এটা রচিত হয়েছে কাযীদের উদ্দেশ্যে।

৮. كتاب المناسك (কিতাবুল মানাসিক) আবূ জা’ফর যুহরী বলেন, হজ্জের আহকাম সম্পর্কে এটা সর্বাপেক্ষা বড় কিতাব।

৯. تفسير غريب القران (তাফসীর গরীব আলকুরআন) খালিদ ইবনে আবদুর রহমান মাখযুম এটা রেওয়ায়েত করেছেন।

১০. كتاب المجالسات عن مالك (কিতাব আলমুজালাসাত আন মালিক) ইবনে ওহাব কর্তৃক রচিত বিভিন্ন মজলিসে হাদীস, ফিকহ ও নসীহত সম্পর্কীয় ইমামের বাণী হতে সংকলিত হয়েছে।

১১. تفسير القران (তাফসীরুল কুরআন)  ইমাম কর্তৃক রচিত কিনা সেই বিষয়ে সংশয় রয়েছে। এতে হাদীসের দ্বারা কুরআনের তাফসীর হয়েছে। হয়ত তাঁর কোন শাগরিদ সংকলন করেছেন।

১২. كتاب المسائل (কিতাবুল মাসায়িল) হয়তো তাঁর আরও কিতাব এবং মাসায়িল ছিল। খতীব তাঁর প্রসিদ্ধ ‘তারিখ-ই-বাগদাদে’ লিখেছেন যে, আবুল আব্বাস সাফফাহ-এর সামনে কিতাবের অনেকগুলি পাতা রাখা ছিল। তিনি বললেন, এগুলিতে ইমাম মালিক (র.) এর সত্তর হাজার মাসায়িল (মাস‘আলাসমূহ) লিপিবদ্ধ রয়েছে।

১৩.   رسالة مالك الي الليث في اجماع اهل المدينة (রিসালা মালিক ইলা আল-লাইছ ফী ইজমা’য়ি আহলিল মদীনা)।

১৪.    كتاب النجوم وحساب مدار الزمان ومنازل القمر (কিতাব আল-নুজুম ওয়া হিসাব মাদার আয-যামান ওয়া মানাযিলিল কামার)।

১৫.    كتاب السر (কিতাব আল-সিররি)।

এছাড়া ইমাম মালিক (র.) জ্যোতির্বিদ্যায় এমন পারদর্শী ছিলেন যে, তিনি এই বিষয়ে একটি কিতাব রচনা করেন। বলা হয়  যে, তৎকালে জ্যোতির্বিদ্যায় তাঁর গ্রন্থের উপর নির্ভর করা হত।

ইমাম মালিকের মর্যাদা

খলীফাগণ তাঁর পদমর্যাদা সম্পর্কে অবহিত ছিলেন এবং তারা তাঁর নিকট উপঢৌকন স্বরূপ দিরহাম পেশ করেন। একদা খলীফা  মনসুরের সময় মদীনার গভর্ণরের নিকট তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। আর তখন তিনি তাঁকে বিবস্ত্র করে সত্তরটি বেত্রাঘাত করেন।  এ খবর যখন খলীফা মনসুরের নিকট পৌঁছে তখন তিনি তাঁর গভর্ণরের ওপর ক্ষিপ্ত হন এবং তাকে পদচ্যুত করেন। অতঃপর ইমাম মালিক (র.) কে উটের গদিতে বসিয়ে বাগদাদ নিয়ে আসেন। পরবর্তী হজ্জের মৌসুমে খলীফা মনসুর ইমাম মালিক (র.) এর সাথে সাক্ষাৎ করে তাঁর নিকট ওযর পেশ করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। তিনি তাঁর সাথে ধর্মীয় অনেক বিষয়ে আলোচনা করেন এবং তাঁর নিকট বিশুদ্ধ হিসেবে গৃহীত হাদীস সমূহকে একত্রিত করে একটি গ্রন্থে সন্নিবেশ করে জনগণের জন্য প্রস্তুত করার অনুরোধ জানান ।  এতে ইমাম মালিক (র.) অপারগতার ‘ওযর পেশ করেন,  কিন্তু খলীফা তাঁর এ ওযর গ্রহণ করেননি। এরপর তিনি হাদীস ও ফিকহের ওপর তাঁর আল-মুওয়াত্তা গ্রন্থ সংকলন করেন। এর পরবর্তী হজ্জের  মৌসুমে মাহদী (মনসুরের পুত্র) ইমাম মালিক (র.) এর নিকট আগমন করে তাঁর নিকট থেকে আল-মুওয়াত্তা গ্রন্থ শ্রবণ করেন এবং তাঁকে পাঁচ হাজার দীনার এবং তাঁর শিষ্যদের জন্য এক হাজার দীনার প্রদানের হুকুম দেন। এর অব্যবহিত পরেই খলীফা মনসুর ইন্তিকাল করেন এবং ‘ইরাকবাসীগণের ফিকহী মতামত ইমাম মালিকের ফিকহী মতের সাথে সাংঘর্ষিক হয়ে পড়ে। কিন্তু এটাও খলীফা হারুনুর রশীদ এবং তাঁর পুত্রগণকে  হিজায গমন করে ইমাম ইমাম মালিক (র.) এর নিকট থেকে  মুওয়াত্তা গ্রন্থ শ্রবণ থেকে বিরত রাখতে পারেনি বরং তারা তা শ্রবণ করেন এবং অধিকভাবে শ্রবণ করেন। ইমাম মালিক (র.) প্রাথমিক পর্যায়ে ধনহীন ব্যক্তি ছিলেন। অতঃপর তাঁর প্রতি যখন খলীফাগণের দান অধিকহারে শুরু হয় তখন তাঁর অবস্থা সুপ্রসন্ন হয়। তাঁর ওপর আল্লাহ প্রদত্ত এ নিয়ামতের প্রকাশ ঘটতে থাকে। এ সময় তিনি জ্ঞানী সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন এবং নিজের সম্পদে তাঁদের শরীক করতে থাকেন। এ ধরনের ‘আলিমগণের মধ্যে ইমাম শফি‘ঈ (র.) হচ্ছেন অন্যতম।

চারিত্রিক গুণাবলী

তাঁর চারিত্রিক গুণাবলীর মধ্যে দানশীলতা, মহানুভবতা, হাস্যোজ্জলতা, মহত্ত্বতা, জ্ঞানের গভীরতা ও বিনম্রতা ছিল উল্লেখযোগ্য। রাসূলুল্লাহ (সা.) এর প্রতি তাঁর ভালবাসা ও শ্রদ্ধা ছিল বর্ণনাতীত।  এমনকি মদীনার ভূখণ্ডে রাসূলুল্লাহ (সা.) এর দেহ মোবারক শায়িত রয়েছে বলে তিনি মদীনায় কোন সওয়ারীর ওপর আরোহন করতেন না। আল্লামা যাহাবী বলেন, এমন পাঁচটি গুণ ইমাম মালিক (র.) এর মধ্যে একত্র হয়েছিল, যেগুলি আমাদের যুগে অন্য কোন ব্যক্তির মধ্যে একত্র হয় নি। সে পাঁচটি গুণ হল এই-

১. সুদীর্ঘ আয়ু ও উচ্চতম মসনদ, ২. প্রকৃষ্ট বুদ্ধি ও বিস্তৃত ইলম, ৩. তাঁর বিশ্বস্ততা মর্যাদার বিষয়ে উলামার ইত্তিফাক, ৪. তাঁর সুন্নাতের অনুসরণ, পরহিযগারী ও আদালতের উপর মুহাদ্দিসীনদের ইত্তিফাক এবং ৫. ফিকহ ও ফতওয়ায় তাঁর অসাধারণ দক্ষতা। ইবাদত, রিয়াযত ও সাধনায় ইমাম মালিক (র.) অগ্রগামী ও যুগশ্রেষ্ঠ ছিলেন। ইমামের ভগ্নির নিকট এক ব্যক্তি জানতে চাইল যে, ইমাম গৃহাভ্যন্তরে কি করতেন? তিনি উত্তরে বললেন, ‘কুরআন তিলাওয়াত ও এর অধ্যয়ন’।

ওফাত

হারুনুর রশীদের খিলাফতকালেই ইমাম মালিক (র.) এ নশ্বর জগত ত্যাগ করেন। তখন তাঁর বয়স ছিল ৮৬ বৎসর। তিনি খুবই দুর্বল হয়ে গিয়েছিলেন। মসজিদে আসা, কোন মজলিসে ও দাওয়াতে যোগদান করা পূর্ব হতেই পরিত্যাগ করেছিলেন। লোকে অভিযোগ করলে তিনি বলতেন কোন লোকের সকল ওজর বর্ণনা করা যায় না। এ সময় ইমামের খাদেম ছিলেন মা‘ন ইবনে ঈসা (যিনি সিহাহ সিত্তার রাবীদের একজন)। তাঁর মৃত্যু হয় ১৯৮ হিজরীতে (তিনি ইমামের বিশ্বস্ত শাগরিদ ছিলেন)। তাঁর সাহায্যে ইমাম চলাফেরা করতেন। এ দুর্বলতার মধ্যেও দরসে-হাদীস এবং ফতওয়ার কাজ পূর্বের মত চালু ছিল। আন্দালুসিয়ার ইমাম ইয়াহ্ইয়া ইবনে ইয়াহইয়া মাসমুদী যখন দ্বিতীয়বার তাঁর রচিত মুদাও্ওয়ানা (مدونة)-র সনদ গ্রহণ করার জন্য মিসর হতে ইমামের খিদমতে উপস্থিত হন, তখন ইমাম শয্যাশায়ী। রবিবার দিন তিনি রোগাক্রান্ত হন, অন্তত তিন সপ্তাহকাল তিনি পীড়িত থাকেন। লোকদের ইয়াকীন হয়ে গিয়েছিল মদীনার ইমামের এটা অন্তিম সময়। মদীনার উলামা ও আমীরগণ শেষ দীদারের আশায় একত্র হলেন। ইয়হইয়া ইবনে ইয়াহইয়া বলেন, আমি খিদমতে এসে বঞ্চিত হলাম বলে আমি কাঁদতেছিলাম, কিন্তু যাঁরা অনেকদিন যাবত ইমামের খিদমতে থাকার সৌভাগ্য অর্জন করেছিলেন, আশ্চর্যের বিষয় তাঁরাও কাঁদতেছিলেন। এ সময় ইমামের শাগরিদগণ ছাড়াও হাদীস ও ফিকহশাস্ত্রের প্রায় একশত ষাট জন আলিম অশ্রুসিক্ত অবস্থায় ইমামের আশেপাশে বসা ছিলেন। দেহের তাপ ক্রমশ শীতল হচ্ছিল। ইমামের চক্ষু হতে অশ্রু নির্গত হচ্ছিল। ইমামের খাস শাগরিদ কা’নবী অশ্রু নির্গত হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। ইমাম বললেন, আমি না কাঁদলে আর কাঁদবে কে? আহা! যদি এমন হত, আমার প্রতিটি কেয়াসী ফতওয়ার পরিবর্তে আমাকে এক একটি করে বেত্রাঘাত করা হত! আহা! যদি আমি ফতওয়া না দিতাম। তিনি কাঁদছিলেন এবং তাঁর ওষ্ঠাধর নড়াচড়া করছিল। ইত্যবসরে আত্মা দেহপিঞ্জর হতে উড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইমামের আশেপাশে তখন উলামা ও শিক্ষার্থীদের সে ভিড় বিদ্যমান, কিন্তু মদীনার হাদীস ও ফিকহের মজলিসের সেই সভাপতি চিরস্থায়ী জীবনের শয্যায় শায়িত! তাঁর জন্ম হয়েছিল ৯৩ হিজরিতে। ওফাত হয়েছিল ১১ রবিউল আউয়াল, হিজরি ১৭৯ সালে মদীনায় এবং জান্নাতুলবাকী‘ গোরস্থানে সমাহিত হন।  তার বয়স হয়েছিল মোট ৮৬ বৎসর। ১১৭ হিজরিতে দরসের মসনদে আসীন হন। দীর্ঘ ৬২ বৎসর পর্যন্ত ইলম ও দ্বীনের একনিষ্ঠভাবে সেবা করার গৌরব অর্জন করেন।

বিরাট জনসমুদ্র জানাযায় শরীক হয়। মদীনার গভর্ণর আবদুল্লাহ ইবনে মুহাম্মদ হাশিমী স্বয়ং শবাধার বহন করে পদব্রজে চলছিলেন। জান্নাতুল বাকী মদীনার প্রসিদ্ধ মকবারাহ (গোরস্থান)। তথায় শায়িত আছে উম্মুল মু’মিনীন হযরত আয়েশা (রা.), হযরত উসমান (রা.), হযরত ফাতিমা (রা.), হযরত হাফসা (রা), আরও কত সাহাবী ! মদীনার ইমামকেও সে পবিত্র মাটিতে সোপর্দ করা হল।

উমর ইবন সা’দ আনসারী ইমামের ওফাত উপলক্ষে জনৈক ব্যক্তিকে স্বপ্নে নিম্নোক্ত কবিতাটি পাঠ করতে শুনলেন,

لقد اصبح الاسلام  زعزع ركنه

غداة ثوى الهادى لذى ملحد القبر

امام الهدى مازال للعلم صا ئنا

عليه سلام الله فى اخر الدهر

অর্থাৎ, সেদিন ইসলামের স্তম্ভ আন্দোলিত হল, যেদিন ফজরে পথপ্রদর্শক ইমাম কবরে শায়িত হলেন। তিনি ছিলেন হিদায়েতের ইমাম, ইলমের রক্ষক, তাঁর উপর আল্লাহর শান্তি বর্ষিত হউক কিয়ামত পর্যন্ত।

দূর-দূরান্তের শহরে যখন মৃত্যু সংবাদ পৌঁছল, তখন সর্বত্রই শোক প্রকাশ করা হল। সুফিয়ান ইবনে উয়ায়নাহ যখন ইমামের মৃত্যু সংবাদ পেলেন তখন তিনি অনেকক্ষণ নীরব রইলেন। নীরবতা ভঙ্গের পর তিনি বললেন,  ماترك على وجه الارض ميله ‘ধরাপৃষ্ঠে তাঁর নজীর রেখে যান নি’। ইমামের জন্ম ও মৃত্যু সন নিম্নের কবিতাংশ হতে বের করা যায়,

فخر الائمة مالك   نعم الامام لسالك

مولده نجم هدى   وفاته فاز مالك

٩٣ھ            ١۷٩ھ

 

“মুওয়াত্তা ইমাম মালিক (র.)”

হিজরি দ্বিতীয় শতকে ইমাম আবু হানিফা (র.) এর পর যিনি হাদীস ও ফিকহ শাস্ত্রে ব্যাপক অবদান রেখেছেন তিনি হলেন মদীনা নিবাসী ইমাম মালিক। তাঁর সময় থেকে হাদীস সংকলনে নতুন গতি সঞ্চারিত হয়। তাঁর সংকলিত ‘আল-মুওয়াত্তা’ হাদীসগ্রন্থ হিসেবে যেমন নির্ভরযোগ্য তেমনি ফিকহগ্রন্থ হিসেবেও এর মান উচ্চ পর্যায়ে। এ গ্রন্থটি হাদীস সংকলনের ইতিহাসে সর্বপ্রথম বৃহৎ আকারের মৌলিক কাজ হিসেবে বিশেষভাবে সমাদৃত। পরবর্তী প্রজন্মের হাদীস সংকলকগণের নিকট এ গ্রন্থ দিকনির্দেশকের ভূমিকায় আবর্তিত। নিম্নে এ গ্রন্থটি সম্পর্কে একটি পর্যালোচনা উপস্থাপন করা হল :

নামকরণ

এ গ্রন্থের নামকরণ সম্পর্কে ইমাম মালিক নিজেই বলেছেন,

عرضت كتابى هذا على سبعين فقيها من فقهاء المدينة فكلهم وطأنى عليه فسميته المؤطا –

আমার এই কিতাবখানা আমি মদীনায় বসবাসকারী সত্তর জন ফিকাহবিদ-এর সম্মুখে পেশ করেছি। তাঁরা প্রত্যেকেই এর সাথে ঐক্যমত পোষণ করেছেন। এ কারণে আমি এর নাম রেখেছি ‘মুওয়াত্তা’।

অথবা কেউ কেউ বলেছেন, ‘আল মুওয়াত্তা’ শব্দের আভিধানিক অর্থ পদদলিত ও প্রস্তুতকৃত। আরবে মুয়াত্তা একটি বিশেষ অর্থেও ব্যবহৃত হত। এই অর্থ হল, যে পথ দিয়ে কোনরূপ কষ্ট ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌঁছা যায় তাকে মুওয়াত্তা বলে। এই শেষোক্ত অর্থকে সামনে রেখেই আল-মুওয়াত্তা নামকরণ করা হয়। অর্থাৎ যে ব্যক্তি এ গ্রন্থ অধ্যয়ন করবে এবং এর নির্দেশনা মতে চলবে সেই ব্যক্তি বিনা কষ্টে তার মূল লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। আরও পরিষ্কার করে বলা যায়, যে ব্যক্তি আল-মুওয়াত্তার হাদীস অধ্যয়ন করে তদানুযায়ী আমল করবে সে সহজেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে। এ হিসেবে দেখা যায়, ইমাম মালিক তার হাদীস গ্রন্থের নামকরণে স্বীয় প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।

আল-মুয়াত্তা সংকলনের পটভূমি

আব্বাসী খিলাফতের প্রারম্ভে মদীনা, মক্কা ও ইরাকের বিভিন্ন অঞ্চলে কিছু কিছু মুসলমান কুরআন ও হাদীসের নানারূপ ব্যাখ্যা করতে শুরু করে। এর কারণ ছিল সাহাবীগণ বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হয়ে পড়েছিলেন। এসময় বংশীয় প্রতিপত্তি, নিজেদের মতামত প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্বার্থে অনেকেই মওদু হাদীসকে সহীহ হাদীস বলে চালিয়ে দিতে সচেষ্ট হয়। এমতাবস্থায় আব্বাসী খলীফা আবু জাফর আল মনসুর (শাসনকাল ১৩৭ হি./ ৭৫৪ খ্রী.-১৫৮ হি. ৭৭৫ খ্রী.) মদীনায় এসে ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করে এ মর্মে অনুরোধ করেন যে, তিনি যেন মদীনার বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণির লোকজনের নিকট বিক্ষিপ্তভাবে সংরক্ষিত থাকা ইসলামী আইন বিষয়ক রাসূলের (সা.) হাদীস ও সাহাবীগণের ফতওয়াসমূহ একত্রিত করেন। ইমাম মালিক নিজেও সাহাবী ও তাবিঈদের ফতওয়া সংগ্রহে খুবই আগ্রহী ছিলেন। এ সময় খলীফা আবু জাফর আল-মনসুরের অনুরোধও তার মনঃপুত হয়। সুতরাং  তিনি ইসলামী আইনের অন্যতম উৎস হাদীস একত্রিত করে গ্রন্থাবদ্ধকরণে গভীর আন্তরিকতার সঙ্গে আত্মনিয়োগ করেন। পাশাপাশি তিনি সাহাবী ও তাবি‘ঈদের ফতওয়াসমূহও উক্ত গ্রন্থে সন্নিবেশিত করেন।  ইমাম মালিকের দীর্ঘকালীন নিরলস প্রচেষ্টারই ফলশ্রুতি ‘আল-মুওয়াত্তা’।

মুওয়াত্তা সংকলন

‘মুওয়াত্তা’ ইমাম মালিক (র.) এর সংকলিত হাদীসের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। আল্লাহর কিতাবের পর একে অন্যতম নির্ভরযোগ্য কিতাব বলা হয়। ইমাম মালিক (র.) এর এ কিতাবটি সর্বাপেক্ষা মকবুল ও সমাদৃত। খলীফা উমর ইবন আব্দুল আজীজ ছিলেন একজন প্রসিদ্ধ তাবে‘ঈ ও মুহাদ্দিস। এ মহান খলীফার যুগে সর্বপ্রথম আবু বকর ইবন হাযম কর্তৃক হাদীস লিপিবদ্ধ করা হয়। এরপর ইমাম ইবন শিহাব যুহুরীও এ কাজে অংশগ্রহণ করেন। কিন্তু আবু বকর ইবন হাযম ও যুহুরীর কিতাব ‘মুওয়াত্তা’ এর মত বিন্যাস করা হয়নি। অন্যদিকে ইমাম মালিক (র.) এর যুগ পর্যন্ত বিভিন্ন মনীষী কর্তৃক যেসব হাদীস গ্রন্থ প্রস্তুত করা হয় সেসব হাদীস গ্রন্থ নিজ নিজ শহরের গণ্ডিতে সীমাবদ্ধ থেকে যায়। সে সব কিতাব ব্যাপকভাবে প্রচারিত হয়নি। এমনি গুরুত্বপূর্ণ সময়ে মাদানী জ্ঞান-ভাণ্ডার এর বিশেষ সংকলন স্বরূপ মুওয়াত্তা রচনা করেন ইমাম মালিক ইবন আনাস (র.)।

ইমাম মালিক (র.) হাদীসের এ গ্রন্থখানি সংকলন করেন আব্বাসী খলীফা আল-মনসুর-এর অনুরোধক্রমে। মুহাম্মাদ আবূ যাহু লিখেছেন,

طلب ابو جعفر المنصور الخليفة العباسى الى الامام مالك ان يجمع ماثبت لديه ويدونه فى كتاب ويؤطئه للناس فئالف كتابه هذا وسماه الموطاء-

আব্বাসীয় খলীফা আবূ জাফর আল-মনসুর ইমাম মালিক (র.) কে ডেকে বললেন, তিনি যেন তাঁর নিজের নিকট প্রমাণিত ও সহীহরূপে সাব্যস্ত হাদীসসমূহ সংকলন ও একখানি গ্রন্থাকারে তা প্রণয়ন করেন এবং এটাকে যেন তিনি লোকদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করার জন্য নির্দিষ্ট করেন। অতঃপর তিনি তাঁর এই গ্রন্থ প্রণয়ন করেন এবং এর নাম নির্দিষ্ট করেন ‘আল-মুওয়াত্তা’।

‘মুওয়াত্তা’ গ্রন্থের ধারা এভাবে সাজানো হয়েছে যে, প্রথমে রাসূলে করীম (সা.) এর হাদীস—কথা বা কাজের বিবরণ উল্লেখ করা হয়েছে। তারপর সাহাবায়ে কিরামের কথা এবং তারপর তাবে‘ঈদের কুরআন-হাদীস ভিত্তিক ফতোয়াসমূহ সন্নিবেশিত হয়েছে।

ইমাম মালিক (র.) এই গ্রন্থখানি প্রণয়নে অপরিসীম শ্রম নিয়োগ করেছিলেন। ইমাম সুয়ূতী ইবনুল হুবাব এর সূত্রে উল্লেখ করেছেন,

ان مالكا روى مائة الف حديث جمع منه الموطا عشرة الاف ثم لم يزل يعرضها على الكتاب والسنة ويخبرها بلاثار والاخبار حتى رجعت الى خمسمائة-

ইমাম মালিক (র.) প্রথমে এক লক্ষ হাদীস বর্ণনা করেন। তা হতে দশ হাজার হাদীসের সমন্বয়ে ‘মুয়াত্তা’ গ্রন্থ সংকলন করেন। অতঃপর তিনি একে কুরআন ও সুন্নাহর দৃষ্টিতে যাঁচাই করতে থাকেন। সাহাবীদের আ’সার ও অন্যান্য খবর-এর ভিত্তিতেও এর পরীক্ষা করেন। শেষ পর্যন্ত এতে মাত্র পাঁচ শত হাদীস সন্নিবেশিত করেন।

ইমাম সূয়ূতী আতীক ইবনে ইয়াকুবের সূত্রে নিম্নোক্ত বর্ণনাও উদ্ধৃত করেছেন, وضع مالك الموطا نحو  من عشرة الاف حديث فلم يزل ينظر فيه كل سنة ويسقط منه حتى بقى منه هذا ইমাম মালিক প্রায় দশ সহস্র হাদীসের সমন্বয়ে ‘মুয়াত্তা’ রচনা করেন। অতঃপর তিনি এর উপর প্রত্যেক বৎসর দৃষ্টি দিতে ও যাঁচাই করতে এবং এটা হতে হাদীস প্রত্যাহার করতে থাকেন। শেষ পর্যন্ত বর্তমান আকারে এটা পূর্ণ পরিণতি লাভ করে।

এ গ্রন্থ প্রণয়ন চূড়ান্তভাবে সম্পূর্ণ করতে ইমাম মালিকের পূর্ণ চল্লি¬শ বৎসর সময় লেগেছে। এ সম্পর্কে বলা হয়েছে,

قالوا انه مكث فى تاليفه اربعين سنة كاملة ينقحه ويهذبه

মুহাদ্দিসগণ বলেছেন, ইমাম মালিক এই গ্রন্থখানি প্রণয়নে পূর্ণ চল্লিশটি বৎসর অতিবাহিত করেছেন। এ দীর্ঘ সময় পর্যন্ত তিনি এটাকে যাঁচাই ও বাছাই করছিলেন এবং এটাকে সুসংবদ্ধরূপে সজ্জিত, নির্ভুল ও সুশৃঙ্খল করতে ব্যস্ত ছিলেন।

 

হাদীসগ্রন্থ হিসেবে আল মুওয়াত্তার স্থান

ইমাম মালিক হাদীসকে দ্বীনের একটি অংশ মনে করতেন। তাই তিনি হাদীস সংগ্রহের ক্ষেত্রে শাইখদের মান যাচাই বাছাই করতেন। যে সকল শাইখ তার দৃষ্টিতে নির্ভরযোগ্য নয় তিনি তাদেরকে এড়িয়ে চলতেন। ফলতঃ তার আল-মুয়াত্তা গ্রন্থে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাবীদের বর্ণনা স্থান পেয়েছে। সুতরাং আল-মুয়াত্তা যে একটি নির্ভরযোগ্য হাদীসগ্রন্থ এ ব্যাপারে কারো দ্বিমত নেই। মুহাদ্দিস রাযীন ইবন মুআবিয়া (রহ.) (মৃ. ৫২৫ হি.) আল-মুয়াত্তার স্থান নির্ণয় করতে গিয়ে বলেন, আল-মুওয়াত্তা সুনানু ইবন মাজার চেয়েও অধিক মান মর্যাদাসম্পন্ন হাদীসগ্রন্থ। তাই এটিই সিহাহ সিত্তার ষষ্ঠ গ্রন্থে স্থান পাওয়া অধিক যুক্তিযুক্ত। তিনি স্বীয় গ্রন্থ আল-তাজরীদ লিছিহাহ ওয়া আল সুনান গ্রন্থে সিহাহ সিত্তার পাঁচটি সংকলনের পর ষষ্ঠ গ্রন্থ হিসেবে সুনান ইবন মাজার স্থলে ‘আল-মুয়াত্তাকে অন্তর্ভুক্ত করেন। হাফিয আবু জাফর ইবন যুবাইর গরনতীর মতে সিহাহ সিত্তার মধ্যে ষষ্ঠ স্থান পাওয়ার উপযুক্ত হল আল-মুওয়াত্তা। যা সুনান ইবন মাজার আগে সংকলিত হয় এবং মর্যাদার দিক দিয়েও সুনান ইবন মাজা থেকে কম নয়। একথা বলে তিনি সুনান ইবন মাজাকে সিহাহ সিত্তার তালিকা থেকে বাদ দিয়ে তদস্থলে আল মুওয়াত্তার নাম উল্লেখ করেন।

পরবর্তী যুগের আলিমগণ আল-মুওয়াত্তাকে বহুল প্রশংসিত সিহাহ সিত্তায় স্থান দেননি। এর কারণ হল এতে কেবল হাদীসই লিপিবদ্ধ করা হয়েছে তা নয় বরং মদীনাবাসী সাহাবী ও তাবি‘ঈদের ইসলামী শরীয়ত বিষয়ক বিভিন্ন বর্ণনাও স্থান পেয়েছে। অবশ্য সিহাহ সিত্তায় স্থান না পেলেও আলিম সমাজের নিকট আল-মুওয়াত্তা যুগপৎ হাদীস ও ফিকহ গ্রন্থ হিসেবে বিশেষভাবে সমাদৃত।

আল-মুওয়াত্তার বৈশিষ্ট্য

আল-মুওয়াত্তা একটি উৎকৃষ্টমানের হাদীস গ্রন্থ। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ :

১.     ইমাম মালিক রাবীদের যাচাই বাছাই করে হাদীস রিওয়ায়াত করেন। অন্যদিকে হাদীস গ্রহণে তার শর্তাবলীও ছিল কঠোর। তাই আল মুওয়াত্তার রিওয়ায়াতসমূহ মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত।

২.     এতে আল-কুরআন ও সুন্নাহ কর্তৃক প্রতিষ্ঠিত আহকামের তুলনামূলক বিশ্লেষণ, সুন্নার পারস্পরিক মূল্যায়ন, সাহাবীদের ইজমা, তাবিঈদের ফতওয়া, মদীনাবাসীদের ইজমা এবং ইমাম মালিকের রায় ও চিন্তামূলক বর্ণনা স্থান লাভ করেছে।

৩.    গ্রন্থটির অধ্যায়সমূহ ফিকহী ধারার অনুসরণে বিন্যস্ত এবং এর বিষয়বস্তু ফিকহী আহকাম সংবলিত।

৪.     ইমাম মালিক এতে মাসআলা প্রসঙ্গে কোনটি উত্তম, কোনটি সুন্দর, কোনটি কল্যাণকর, কোনটি উচিত নয় তা নির্দেশ করে গ্রন্থটিকে পাঠকের নিকট গ্রহণীয় করে তুলেছেন।

৫.    আল-মুওয়াত্তা এমন একটি হাদীস সংকলন যাতে সন্নিবেশিত হাদীসসমূহ ব্যবহারিক জীবনের সাথে বিশেষভাবে সম্পর্কিত।

درجة حديثه তাঁর হাদীস গ্রন্থটির অবস্থান 

ইবনে হাজার আল ‘আসকালানী (র.) বলেন, ইমাম মালিক (র.) এর মুওয়াত্তা গ্রন্থটি তাঁর এবং তাঁর অনুসারীগণের মতে সহীহ । কেননা তাঁর দৃষ্টিতে মুরসাল , মুনকাতি‘  ইত্যাদি হাদীস দলীলযোগ্য। হুজ্জাতুল্লাহিল-বালিগাহ গ্রন্থ প্রণেতা শাহ ওয়ালিয়্যুল্লাহ মুহাদ্দিস দেহলভী  (র.) বলেন, অন্যান্য মুহাদ্দিসের মতে মুওয়াত্তা গ্রন্থে যে সব মুরসাল ও মুনকাতি‘ হাদীস রয়েছে তা অন্য সনদে মুত্তাসিল স্তরে উন্নীত হয়েছে, কাজেই এ দিক থেকে এ হাদীসগুলো অবশ্যই সহীহ। ইবনে ‘আব্দিল বার একটি কিতাব  প্রণয়ন করেন, যাতে মুওয়াত্তায় উল্লিখিত মুরসাল, মুনকাতি‘ এবং মু‘দাল  হাদীসগুলোর মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। ইবনে আব্দিল বার বলেন, মুওয়াত্তা প্রণয়নকারী যে সব হাদীস সম্পর্কে মন্তব্য করেছেন

بلغنى (আমার নিকট হাদীসটি পৌঁছেছে) এবং عن الثقة (হাদীসটি সিকাহ রাবী থেকে বর্ণিত) বলে সেগুলোর কোন সনদ তিনি উল্লেখ করেননি এবং এ হাদীসগুলোর ৪টি ব্যতীত অপর সব হাদীসের সনদের উল্লেখ আছে। ওই চারটি হাদীসের কোন পরিচয় পাওয়া যায়নি। হাদীসগুলো এই,

لاأنسى ولكن أنسى لأسن-“আমি ভুলে যাইনা, তবে বয়সের কারণে ভুলে যাই” । অপর হাদীসে উল্লেখ আছে,

أن النبي صلى الله عليه وسلم أرى أعمار الناس قبله أو ماشاء الله من ذالك فكانه تقاصر أعمار أمته الايبلغوا من العمل مثل الذي بلغ غيرهم في طول العمر فأعطاه الله ليلة القدر

“নবী কারীম (সা.) কে তাঁর পূর্ববর্তী লোকদের বয়স অথবা যতজনের বয়স দেখানোর ইচ্ছা করা হয়েছে। তাদের বয়স স্বপ্নে দেখানো হয়। তাদের দীর্ঘ বয়স দেখে রাসূলুল্লাহ (সা.) যেন তাঁর উম্মতগণের বয়সকে স্বল্প বলে মনে করেন এবং তিনি চিন্তা করেন যে, তাঁর উম্মত আমলের ক্ষেত্রে পূর্ববর্তীগণের সমকক্ষ হবে না। কারণ তাদের দীর্ঘ বয়সে তারা অধিক ‘আমলের সুযোগ পেতো। তখনই আল্লাহ তা‘আলা তাঁকে শব-ই-কদর দান করেন”।

عَنْ مَالِك أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ آخِرُ مَا أَوْصَانِي بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ وَضَعْتُ رِجْلِي فِي الْغَرْزِ أَنْ قَالَ أَحْسِنْ خُلُقَكَ لِلنَّاسِ يَا مُعَاذُ بْنَ جَبَلٍ

“হযরত মু‘আয (রা.) এর বক্তব্য, রাসূলুল্লাহ (সা.) আমাকে গারযানে  উপবিষ্ট অবস্থায় উপদেশ প্রদান করে বলেন, তুমি লোকদের জন্য তোমার চরিত্র সুন্দর কর”।

ইমাম মালিক (র.) এর জীবদ্দশায় মুওয়াত্তাকে কেন্দ্র করে অনেকগুলো গ্রন্থ রচিত হয়েছে, যেগুলোতে  মুওয়াত্তার হাদীসগুলোর তাখরীজ করা হয় এবং তাতে উল্লিখিত মুনকাতি‘ হাদীস সমূহের মুত্তাসিল সনদ বর্ণিত হয়; এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ইবন আবী যি’ব, ইবন ‘উয়ায়নাহ, সাওরী প্রমুখ মুহাদ্দিসের গ্রন্থ। ইমাম মালিক (র.) যে সকল শায়খ থেকে হাদীস শ্রবণ করেছেন এ সকল মুহাদ্দিসও সে সকল শায়খ থেকে হাদীস শ্রবণ করেছেন ।

 ( عدد احاديث موطا ) মুওয়াত্তায়  উল্লিখিত হাদীসের সংখ্যা

ইবনু‘ল-হুবাব উল্লেখ করেছেন, ইমাম মালিক (র.) এক লক্ষ হাদীস বর্ণনা করেছেন । তন্মধ্যে থেকে তিনি মুওয়াত্তা গ্রন্থে দশ হাজার হাদীস সন্নিবেশ করেছেন। অতঃপর তিনি এ হাদীসগুলোকে কিতাব ও সুন্নাহ এবং অন্যান্য হাদীসের সাথে যাচাই-বাছাই করতে থাকেন এবং পরিশেষে ৫০০টি হাদীস এ গ্রন্থে লিপিবদ্ধ করেন।

আল-আবহারী আবূ বকর (র.) বলেন, নবী কারীম (সা.), সাহাবী এবং তাবি‘ঈগণ থেকে বর্ণিত মুওয়াত্তা গ্রন্থের হাদীসের সংখ্যা সর্বসাকুল্য ১৭২০টি। এগুলোর মধ্যে ৬০০টি হাদীস মুত্তাসাল সনদযুক্ত। মুরসাল হাদীসের সংখ্যা ২২৮টি। মাওকুফ হাদীস ৬১৩টি এবং তাবি‘ঈগণের বাণীর সংখ্যা ২৮৫টি।

ইমাম সূয়ূতী (র.) তাঁর তাকবীর গ্রন্থে ইবন হাযম (র.) থেকে বর্ণনা করেন,  তিনি বলেন, আমি মালিক (র.) এর এবং সুফিয়ান ইবন ‘উয়ায়নাহ সংকলিত মুওয়াত্তার হাদীস গণনা করেছি। আমি উভয়গ্রন্থে মুত্তাসিল সনদে মারফু ‘হাদীসের সংখ্যা পেয়েছি তিন শতটি (৩০০)। এগুলোর মধ্য থেকে খোদ ইমাম মালিক (র.) সত্তরের (৭০) উর্ধ্বে কিছু হাদীসের ওপর ‘আমল করা ত্যাগ করেছেন। আর এতে কিছু কিছু য‘ঈফ হাদীস রয়েছে।

ইমাম সূয়ূতী (র.) যে বর্ণনার উল্লেখ করেছেন এবং ইমাম আবহারী (র.) যে মতামত পেশ করেছেন এ দু’টির মধ্যে কোন বিরোধ নেই। কেননা মুওয়াত্তা গ্রন্থটি অনেক বর্ণনাকারীর মাধ্যমে বর্ণিত হয়েছে, যেগুলোর কোনটিতে কিছু বেশি এবং কোনটিতে কিছু কম হাদীসের উল্লেখ আছে।

উপরে ইবনুল হুবাবের সূত্রে উল্লি¬খিত ইমাম সুয়ূতীর উদ্ধৃতি হতে জানা গিয়েছে যে, ইমাম মালিক দশ হাজার হাদীস হতে যাচাই-বাছাই করে মাত্র পাঁচশত হাদীস তাঁর গ্রন্থে  রেখেছেন। কিন্তু শেষ পর্যন্ত ‘মুওয়াত্তা’ গ্রন্থে  মোট কতটি হাদীস সন্নিবেশিত হয়েছে, তা এই উদ্ধৃতি হতে জানা যায় না। এই সম্পর্কে ইমাম সুয়ূতীর নিম্নোক্ত উদ্ধৃতি হতে নির্দিষ্ট সংখ্যা জানা যায় । তিনি আবূ বকর আল-আবহারীর সূত্রে উল্লেখ করেছেন,

جملة مافى الموطا من الاثار عن النبى صلى الله عليه وسلم وعن الصحابة والتابعين الف وسبعما ئة وعشرون حديثا- (المسند)

মুওয়াত্তা গ্রন্থে রাসূলে কারীম (সা.), সাহাবায়ে কিরাম ও তাবে‘ঈন হতে বর্ণিত হাদীসের মোট সংখ্যা হচ্ছে (১৭২০) এক হাজার সাত শত বিশটি।

এর মধ্যে সঠিকরূপে সনদযুক্ত (المسند) হাদীস হচ্ছে মাত্র (৩০০) তিনশত, ‘মুরসাল’ হাদীস হচ্ছে ২২২ টি, ‘মওকুফ’ হচ্ছে ৬১৬ টি এবং তাবেঈদের উক্তি হচ্ছে ২৮৫টি। ইমাম ইবনে হাযম (র.) বলেছেন,

احصيت ما فى موطاء ملك فوجدت فيه من المسند خمسمائة ونيفا وفيه ثلثمائة ونيف مرسلا وفيه نيف وسبعون حديثا قد ترك مالك نفسه العمل بها-

আমি ‘মুওয়াত্তা’ গ্রন্থের হাদীসসমূহ গণনা করেছি। ফলে এতে আমি পেয়েছি ‘মুসনাদ’ হাদীস পাঁচ শতের (৫০০) কিছু বেশি আর প্রায় তিন শত (৩০০) হাদীস ‘মুরসাল’ । এতদ্ব্যতীত উহাতে প্রায় সত্তরটি (৭০) হাদীস এমনও আছে, যার অনুসরণ করা ইমাম মালিক (র.) পরিহার করেছিলেন।

‘মুওয়াত্তা’ গ্রন্থের নোসখা অসংখ্য । তন্মধ্যে তিন শত (৩০০) ‘নোসখা’ অত্যন্ত প্রসিদ্ধ। এ নোসখাসমূহে সন্নিবেশিত হাদীসের সংখ্যায় যথেষ্ট পার্থক্য বিদ্যমান। কোনটিতে অপেক্ষাকৃত বেশি, আর কোনটিতে কম হাদীস রয়েছে। ইমাম সূয়ূতী এর তিনটি নোসখার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন ।

নোসখা তিনটি হল,

১. ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া লাইসী আন্দালুসীকৃত নোসখা, তিনি ইমাম মালিক (র.) এর নিকট হতে সরাসরিভাবে শেষ তিনটি অধ্যায় বাদে সম্পূর্ণ ‘মুওয়াত্তা’ গ্রন্থ শ্রবণ করেছেন।

২. আবূ মুসয়িব আহমদ ইবনে আবূ বকর আল কাসিম কৃত, তিনি মদীনার বিচারপতি ছিলেন এবং তাঁর তৈরি করা নোসখাই ইমাম মালিক (র.) কে সর্বশেষে শুনানো হয়। এতে অপর নোসখার তুলনায় প্রায় একশতটি হাদীস বেশি রয়েছে।

৩. ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান শায়বানী কৃত, তিনি যেমন ইমাম আবূ হানীফা (র.) এর নিকট ইলমে ফিকাহ শিক্ষা করেছেন, অনুরূপভাবে ইমাম মালিক (র.) এর নিকট হতে তিনি হাদীসও শিক্ষাগ্রহণ  করেছেন।

বিশেষজ্ঞ ব্যক্তিগণের  মুওয়াত্তা  গ্রন্থের প্রতি  মনোযোগ

ইমাম মালিক (র.) এর নিকট হতে ‘মুওয়াত্তা’ গ্রন্থ শ্রবণ করে প্রায় এক হাজার ব্যক্তি এর বর্ণনা করেছেন।  এটা হতে প্রমাণিত হয় যে, তদানীন্তন ইসলামী সমাজে ‘মুয়াত্তা’ গ্রন্থ যথাযথ মর্যাদা লাভ করেছিল। জনগণ গ্রন্থটিকে সাদরে গ্রহণ করেছিল এবং  মদীনার অধিবাসী ইমাম মালিক (র.) এর নিকট সরাসরিভাবে তা আদ্যোপান্ত শ্রবণ করার উদ্দেশ্যে গোটা মুসলিম জাহানের জনতার ভীড় জমেছিল। বহু সংখ্যক মুহাদ্দিস এ কারণেই মনে করেন যে, ইমাম তিরমিযী উদ্ধৃত নবী কারীম (সা.) এর নিম্নোক্ত ভবিষ্যদ্বাণী ইমাম মালিক (র.) সম্পর্কেই সত্য প্রমাণিত হয়েছে। হাদীসটি এই—নবী কারীম (সা.) বলেছেন,

يوشك ان يضرب الناس كباد الابل فى طلب العلم فما يجدون اعلم من عالم المدينة-

“সে সময় খুব দূরে নয়, যখন জনগণ ইলম হাসিল করার উদ্দেশ্যে উষ্ট্রপৃষ্ঠে সওয়ার হয়ে দূর দূর  দেশ সফর করবে; কিন্তু তারা মদীনায় অবস্থানকারী ‘আলেম’ অপেক্ষা অধিক বিজ্ঞ অন্য কাউকে কোথাও পাবে না”।

ইবনে উয়াইনা ও আবদুর রাযযাক প্রমুখ বিখ্যাত মুহাদ্দিসগণ একবাক্যে বলেছেন যে, এ হাদীসে উক্ত ‘আলেম’ হচ্ছেন ইমাম মালিক (র.)।

‘মুওয়াত্তা’ ইমাম মালিক (র.) সম্পর্কে ইমাম শাফেয়ী (র.) অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করতেন ও একে এক অনন্য সাধারণ গ্রন্থ মনে করতেন। তাঁর এই সম্পর্কিত নিম্নোদ্ধৃত উক্তি সর্বজনবিদিত। তিনি বলেছেন,

ما على ظهر الارض كتاب بعد كتاب الله اصح من كتاب مالك-

আল্ল¬াহর কিতাবের পর ইমাম মালিক (র.) সংকলিত হাদীসের কিতাব অপেক্ষা অধিক বিশুদ্ধ গ্রন্থ দুনিয়ার বুকে আর একখানিও নাই।

তার এ কথাটি নিম্নোক্ত ভাষায়ও বর্ণিত হয়েছে,

ما وضع على الارض كتاب هو اقرب الى القران من كتاب مالك-

কুরআনের অধিকতর নিকটবর্তী কিতাব ইমাম মালিক (র.) এর কিতাব অপেক্ষা আর একখানিও পৃথিবীর বুকে রচিত হয় নাই।

ইমাম মালিক সংকলিত এ হাদীস গ্রন্থ এতই জনপ্রিয়তা লাভ  করেছে যে, তদানীন্তন আব্বাসীয় বাদশাহ আল-মনসুর হজ্জ উপলক্ষে মদীনায় গমন করলে তিনি ইমাম মালিক (র.) কে লক্ষ্য করে বললেন,

عزمت على ان امر بكتابك هذه التى وضعتها فتنسخ ثم ابعث الى كل مصر من امصار المسلمين منها نسخة وامر هم ان يعملوا بما فيها وال يتعدوه الى غيره-

আমি সংকল্প করেছি যে, আপনার সংকলিত হাদীস গ্রন্থখানির অসংখ্য অনুলিপি তৈরি করে প্রত্যেক মুসলিম শহরে ও নগরে এক-একখানি করে পাঠিয়ে দিব ও সে অনুযায়ী আমল করার জন্য সকলকে আদেশ করব এবং ওটাকে  ছেড়ে অপর কোন গ্রন্থের দিকে মনোযোগ না দিতে বলব।

এ কথা শ্রবণের পর ইমাম মালিক (র.) এর মনে আনন্দ ও স্ফুর্তির বন্যা প্রবাহিত হওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু ইমাম মালিক (র.) এটা মোটেই পছন্দ করতে ও  মেনে নিতে পারেন নি। তিনি স্পষ্ট ভাষায় বলেন,

لاتفعل هذا فان الناس قد سبقت اليهم اقاويل وسمعوا احاديث ورووا روايات واخذ كل قوم بما سبق اليهم ودانوبه فدع الناس وما اختار اهل كل بلد منهم لانفسهم-

আপনি এরূপ কাজ করবেন না। কেননা লোকদের নিকট পূর্বেই শরীয়তের বহু কথা  পৌঁছে গিয়েছে। তারা বহু হাদীস শ্রবণ করেছে, বহু হাদীস তারা বর্ণনাও করেছে এবং লোকেরা প্রথমেই যা কিছু  পেয়েছে তাই তারা গ্রহণ করে নিয়েছে, তদানুযায়ী তারা আমল শুরু করে দিয়েছে। অতএব প্রত্যেক শহর ও অঞ্চলের লোকেরা  নিজেদের জন্য যাই গ্রহণ করেছে তদানুযায়ীই তাদেরকে আমল করতে দিন।

 

অতঃপর বাদশাহ হারুন-অর-রশীদও ‘মুওয়াত্তা’ মালিক (র.) সম্পর্কে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে  চেয়েছিলেন। তিনি একে কা’বা ঘরের সঙ্গে ঝুলিয়ে রাখার ও তদানুযায়ী আমল করার জন্য জনগণকে নির্দেশ দেয়ার সংকল্প করেছিলেন। কিন্তু ইমাম মালিক (র.) এর নিকট ইহা ইচ্ছা প্রকাশ করলে তিনি বললেন,

لاتفعل فان اصحاب رسول الله صلى الله عليه وسلم استلفوا فى الفروع وتفرقوا فى البلدان وكل مصيب-

না, আপনি এরূপ করবেন না। কেননা রাসূলের সাহাবীদের মধ্যে খুঁটিনাটি ব্যাপারে মত-পার্থক্য রয়েছে, তাঁরা বিভিন্ন শহরে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছেন। আর তারা সকলেই সঠিক পথে পরিচালিত।

ইসলামের বিরাট ও ব্যাপক জীবন-ব্যবস্থার খুঁটিনাটি ব্যাপারে মতভেদ হওয়া অতি স্বাভাবিক । এর পথ বন্ধ করে দিয়ে সকল মানুষকে বিশেষ ও নির্দিষ্ট একটি মতের অনুসারী করতে চেষ্টা করা ও সেজন্য  রাজ-ক্ষমতার ব্যবহার করা কিছুতেই সমীচীন হতে পারে না। বরং ইসলামী বিধানভিত্তিক সকল (খুটিনাটি) মতকেই—তা বাহ্যত যতই পরস্পর-বিরোধী মনে হউক না কেন, সত্য ও সঠিক  বলে স্বীকার করাই হচ্ছে ইসলামের নীতি। ইমাম ইবনে আবদুল বার (র.) এই নীতির প্রতি লক্ষ্য করে বলেছেন,

وهذا غاية فى الانصاف لمن فهم-

সমঝদার লোকদের জন্য এটা এক অতি ইনসাফপূর্ণ নীতি, সন্দেহ নাই।

ইবন ‘আব্দিল-বার (র.) ইমাম আওযা‘ঈ (র.) এর শিষ্য ‘ওমর ইবন ‘আব্দিল-ওয়াহিদ থেকে বর্ণনা করে বলেন,

عرضنا على مالك الموطأ في أربعين يوما فقال: كتاب الفته في أربعين سنة أخذتموه في أربعين يوما ما أقل ما تفهمون فيه؟

“আমরা চল্লিশ দিনে ইমাম মালিক (র.) এর নিকট আল-মুওয়াত্তা গ্রন্থ পেশ করি। তখন তিনি বলেন, যে কিতাব আমি চল্লিশ বছর ব্যাপী সংকলন করেছি তোমরা চল্লিশ দিনেই তা গ্রহণ করেছ। তোমরা এ গ্রন্থ সম্পর্কে কত কমই না অনুধাবন করেছ” ।

যাঁরা মদীনায় ইমাম মালিক (র.) এর নিকট উপস্থিত হয়ে তাঁর মুয়াত্তা গ্রন্থের শিক্ষা লাভ করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, ইমাম শাফি‘ঈ (র.) (মৃত ২০৪ হিজরি), ইমাম মুহাম্মাদ ইবনুল-হাসান (মৃত ২০৪ হিজরি) (র.), ইবন ওয়াহহাব এবং কাসিম। হাদীসের শায়খগণের মধ্যে রয়েছেন ইয়াহইয়া ইবন সাঈদ আল-কাত্তান (মৃত ১৯৮ হিজরি) (র.) ও ‘আব্দুর রাযযাক ইবন হুমাম (মৃত ২১১) (র.) প্রমুখ।

বাদশাহ এবং আমীরগণের মধ্যে রয়েছেন, খলীফা হারুনুর রশীদ (মৃত ১৯৩ হিজরী), তাঁর দুই পুত্র আমীনুর-রশীদ (মৃত ১৯৮ হিজরি) এবং মামূনুর রশীদ (মৃত ২১৮ হিজরি)। তাঁর জীবদ্দশাতেই গ্রন্থটি এমন প্রসিদ্ধি লাভ করে যে, সমগ্র ইসলামী সাম্রাজ্যে এর খ্যাতি পৌঁছে যায়। আর পরবর্তীকালে এটিই সর্বাধিক প্রসিদ্ধ ও অধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত হতে থাকে। বিভিন্ন অঞ্চলের ফিকহশাস্ত্রবিদগণ এ গ্রন্থের ওপরই তাদের মাযহাবের ভিত্তি প্রতিষ্ঠিত করেন, এমনকি ‘ইরাকের অধিবাসীগণও তাদের কোন কোন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন এ গ্রন্থ অনুসরণে। ‘আলিমগণ এর হাদীসের তাখরীজ করতে থাকেন এবং এর হাদীসের  মুতাবি‘  ও শাহিদ -এর উল্লেখ করতে থাকেন । আলিমগণ মুওয়াত্তা গ্রন্থের গরীব হাদীসের ব্যাখ্যা করেন, জটিল হাদীসের বিশ্লেষণ করেন, এর ফিকহ সম্পর্কে গবেষণা করেন এবং রাবীগণের বৃত্তান্ত নিয়ে যারপর নাই অনুসন্ধান চালান।

روايات الموطأ আল মুওয়াত্তার বিভিন্ন বর্ণনা 

কাযী ‘আয়্যায  (র.) বলেন, আল মুওয়াত্তা গ্রন্থের প্রসিদ্ধ নুসখার (পাণ্ডুলিপির) সংখ্যা প্রায় বিশটি। কেউ কেউ এর সংখ্যা ত্রিশটি  বলে উল্লেখ করেছেন । শায়খ ‘আব্দুল ‘আযীয দিহলভী (র.) (মৃত ১১৩৯ হিজরী ) ফারসী ভাষায় রচিত তাঁর বুসতানুল মুহাদ্দিসীন গ্রন্থে বলেন, এর প্রতিটি নুসখাহ এক এক জন বিশেষ রাবী থেকে বর্ণিত । আবুল-কাসিম ইবন মুহাম্মদ ইবন হুসায়ন আশ-শাফি‘ঈ বলেন, ইমাম মালিক (র.) থেকে বর্ণিত প্রসিদ্ধ মুওয়াত্তার নুসখাহ সংখ্যা হচ্ছে ১১টি। এগুলোর অর্থগত পার্থক্য কাছাকাছি। মুওয়াত্তার এসব নুসখার মধ্যে ৪টি প্রচলিত । আর তা হচ্ছে, মুওয়াত্তা ইয়াহইয়া ইবন ইয়াহইয়া, মুওয়াত্তা ইবন বুকায়র, মুওয়াত্তা আবী মস‘আব এবং মুওয়াত্তা ইবন ওয়াহাব। পরবর্তী পর্যায়ে শেষে বর্ণিত মুওয়াত্তা দু’টির ব্যবহার হ্রাস পেয়ে যায়। মুওয়াত্তার বর্ণনা সমূহের মধ্যে কোনটিতে কিছু কিছু হাদীস পূর্বে বর্ণিত হয়েছে, কোনটিতে সে সব হাদীস পরে বর্ণিত হয়েছে । আবার কোন নুসখায় অধিক সংখ্যক হাদীস আছে এবং কোনটিতে কম হাদীসের উল্লেখ আছে। আবূ মুসআবের নুসখাটিতে সর্বাধিক হাদীসের উল্লেখ আছে। ইবন হাযম (র.) এর  বক্তব্যানুসারে এতে অন্যান্য মুওয়াত্তার তুলনায় অধিক হাদীসের সংখ্যা একশতটি। ‘আব্দুল-‘আযীয আল-খুলীর মতে ইমাম মুহাম্মদ ইবনু’ল-হাসান (র.) বর্ণিত মুওয়াত্তা গ্রন্থটি সর্বাধিক প্রসিদ্ধ ও ব্যাখ্যা সম্বলিত।

شروح الموطا ومختصراته (আল-মুওয়াত্তার ব্যাখ্যা ও সংক্ষিপ্ত গ্রন্থসমূহ)

যারা আল-মুওয়াত্তার ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন তাঁদের মধ্যে রয়েছেন,

১.     আবূ মারওয়ান ইবন ‘আব্দিল- মালিক ইবন হাবীব আল মালিকী (মৃত ২৩৯ হিজরি )

২.     হাফিয আবূ ওমর ইউসুফ ইবন ‘আব্দিল-বার (মৃত ৪৬২ হিজরি)। মুওয়াত্তার ওপর তিনি দু’টি গ্রন্থ রচনা করেন। একটির  নাম التقصى لحديث المؤطأ, মুওয়াত্তার উপর রচিত তাঁর অপর গ্রন্থের নাম التمهيد لما في المؤطأ من المعانى والأسانيد, ইবন হাযম (র.) এ গ্রন্থ সম্পর্কে    মন্তব্য করে বলেন, এটি ফিকহ ও হাদীস সম্পর্কিত একটি গ্রন্থ, আমি এর সাদৃশ আর কোন গ্রন্থ আছে বলে জানি না।

৩.    আবূ মুহাম্মদ ‘আব্দিল্লাহ ইবন মুহাম্মদ আন-নাহবী আল-বাতলীওসী (মৃত ৫২১ হিজরি) । তিনি মুওয়াত্তার একটি ব্যাখ্যাগ্রন্থ রচনা করেন।

৪.     কাযী হাফিয আবূ বকর মুহাম্মদ ইবনি‘ল ‘আরাবী আল মাগারিবী (র.) (মৃত ৫৪৬ হিজরি)। তিনি القبس নামে মুওয়াত্তার একটি ব্যাখ্যাগ্রন্থ প্রণয়ন করেন। তিনি তাঁর এ গ্রন্থে মুওয়াত্তার প্রশংসায় বলেন, ইসলামী শরী‘আতের ওপর এটিই সর্বপ্রথম এবং সর্বশেষ রচিত গ্রন্থ, কেননা এর অনুরূপ আর কোন গ্রন্থ সংকলিত হয়নি। ইমাম মালিক (র.) তাঁর এ গ্রন্থটিকে শরী‘আতের ফুরু‘আতের ( শাখা-প্রশাখা) জন্য উসূল বা মৌলিক নীতিমালা হিসেবে প্রস্তুত করেছেন। তিনি এতে উসূলু‘ল-ফিকহ-এর এমন সব গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্পর্কে পাঠকগণকে অবহিত করেছেন যেগুলোর ওপর উসূলুল-ফিকহ এর ফুরুআত( শাখা-প্রশাখা)  নির্ভরশীল।

৫. জালালুদ্দীন ‘আব্দুর রহমান ইবন আবী বকর আস-সুয়ূতী (মৃত ৯১১ হিজরি )। তাঁর ব্যাখ্যা গ্রন্থের নাম كشف الغطى في شرح المؤطأ তিনি তাঁর বিস্তৃত এ শরাহ গ্রন্থটিকে সংক্ষেপ করে تنوير الحوالك নামে আর একটি গ্রন্থ প্রণয়ন করেন। এ শরাহ গ্রন্থটি মূল কিতাবসহ হরকতযুক্ত অবস্থায় ছোট ছোট ৩ খণ্ড মিসর থেকে প্রকাশিত হয়েছে।

৬. মুহাম্মদ ইবন ‘আব্দিল-বাকী আয-যারকানী আল-মিসরী আল-মালিকী (মৃত ১০১৪ হিজরি)। তিনি বিস্তারিত আকারে এর ব্যাখ্যা গ্রন্থ রচনা করেন। তাঁর ব্যাখ্যা গ্রন্থটি ৩ খণ্ডে সমাপ্ত।

৭. শায়খ ওয়ালিয়্যুল্লাহ আল-মুহাদ্দিস আল-হানাফী আদ-দিহলুভী কুতুবুদ্দীন আহমদ ইবন ‘আব্দির রহীম (মৃত ১১৭৬ হিজরি )। তিনি মুওয়াত্তার দু’টি শরাহ গ্রন্থ রচনা করেন। একটি ফার্সী ভাষায় রচিত, যার নাম المصفى ; তিনি এতে হাদীস এবং আসার সমূহের সনদ পরিত্যাগ করেন এবং মালিক (র.) এর কাওল এবং তাঁর কিছু কিছু অলংকারিক বর্ণনাও পরিহার করেন। শাহ ওয়ালিয়্যুল্লাহ (র.) তাঁর এ ব্যাখ্যাগ্রন্থে মুজতাহিদগণের মতামতের ন্যায় তাঁর মতামত ব্যক্তি করেন। তাঁর অপর শরাহ গ্রন্থটি ‘আরবি ভাষায় প্রণীত । তিনি এর নামকরণ করেন المسوى ; তিনি এতে বিভিন্ন মাযহাবের মতপার্থক্য, দুর্বোধ্য অংশের ব্যাখ্যা এবং অতি প্রয়োজনীয় দিক সমূহের উল্লেখ করেছেন।

৮. শায়খ ‘আলী আল-কারী আল-হারভী আল-মাক্কী (মৃত ১১২২ হিজরি)। তার ব্যাখ্যা গ্রন্থটি দু’ খণ্ডে রচিত এবং অতি উত্তম, সূক্ষ্মাতিসূক্ষ্ম ও সুন্দর সুন্দর অভিনব বিষয় সম্বলিত । তবে রাবীগণের সম্পর্কে তাঁর সমালোচনা বেশ কিছু ভুল-ভ্রান্তি থেকে মুক্ত নয়।

৯. ‘আব্দুল-হাই ইবন মুহাম্মদ আল-হিন্দী (লক্ষ্মৌবী) (র.) (মৃত ১২২৪ হিজরি )। তিনি ইমাম মুহাম্মদ (র.) থেকে বর্ণিত আল-মুওয়াত্তার একটি ব্যাখ্যাগ্রন্থ প্রণয়ন করেন এবং তার নামকরণ করেন التعليق الممجد على مؤطأ الإمام محمد

 

হাদীস ও ফিকহশাস্ত্রে আল-মুয়াত্তার গুরুত্ব অনুধাবন করতঃ গ্রন্থটির ব্যাখ্যা বিশ্লেষণ প্রণয়নে আরো অনেক লেখক নিজেদের নিয়োজিত করেন। এদের মধ্যে নিম্নোক্তগণের নাম বিশেষভাব উল্লেখযোগ্য।

১.     মুহাম্মদ ইবন সাহনুন (২০১ হি. / ৮১৮ খ্রী.-২৫৬ হি./ ৮৭০ খৃ.)

২.     ইয়াহইয়া ইবন যাকারিয়া ইবন ইবরাহিম ইবন মুযাইন মৃ. ২৫৯ হি./ ৮৭৩ খৃ.)

৩.    খালফ ইবনুল ফারজ

৪.     আবু সুলায়মান হামদ ইবন মুহাম্মদ ইবন ইবরাহীম আল খাত্তাবী (মৃ. ৩৮৮ হি./ ৯৯৮ খৃ.)

৫.    আবু আবদিল্লাহ মুহাম্মদ ইবন আবদিল্লাহ (মৃ. ৩৯৯ হি./ ১০০৯ খৃ.)

৬.    আবু জাফর আহমদ ইবন নছর আল দাউদী (মৃ. ৪০২ হি./ ১০১১ খৃ.)

৭.     আলী ইবন মুহাম্মদ ইবন ফালফ আল কাবিসী (মৃ. ৪০৩ হি./ ১০১২ খৃ.)

৮.    মুহাম্মদ আবু আবদিল্লাহ ইয়াহইয়া ইবন মুহাম্মদ (মৃ. ৩৭৪ হি./ ৪১০ খৃ.)

৯.    আবু আলী হাসান ইবন রশীক আল কায়বোয়ানী (মৃ. ৪৫৬ হি./ ১০৬৪ খৃ.)

১০.    আবুল ওয়ালিদ সুলাইমান ইবন খলফ আল-রাজী আল মালিকী (৪০৩ হি./ ১০১২ খৃ.-৪৯৪ হি./ ১১০১ খৃ.)

১১.    আবুল ওয়ালিদ হিশাম ইবন আহমদ আল-ওয়াককাশী

১২.    মুহাম্মদ ইবন যাহরা আল কারাফী

১৩.   আবুল কাসিম আলী ইবনুল হাসান ইবন আসাকির (মৃ. ৫৭১ হি./ ১১৮৬ খৃ.)

১৪.    আবুল মাজদ উকায়ল ইবন আতিয়া (মৃ. ৬০৮ হি./ ১২১১ খৃ.)

১৫.    আবুল হাসান আলী ইবন মুহাম্মদ আল আশবিলী (মৃ. ৬১০ হি./ ১২১৩ খৃ.)

১৬.   আবু আলী উমর ইবন আলী ইবন ইউসুফ

১৭.    আল কাযী ইবনুল জাদাহ

১৮.   কাযী আবুল ফযল ইয়াদ ইবন মুসা আল য়াহছবী আল আন্দালুসী (মৃ. ৫৪৪ হি./ ১১৪৯ খৃ.)

১৯.   শাইখ আলী ইবন সুলতান মুহাম্মদ, প্রকাশ মুল্লা আলী আল ক্বারী (মৃ. ১০১৪ হি./ ১৬০৬ খৃ.)

২০.    আবু মুহাম্মদ ইবরাহীম ইবন হুসাইন ইবন আহমদ পীরজাদাহ (মৃ. ১০৯৬ হি./ ১৬৮৫ খৃ.)

২১.    শাইখ সালামুল্লাহ ইবন শাইখ আল-ইসলাম ইবন ফখরুদ্দীন (মৃ. ১২২৯ হি./ ১৮১৪ খৃ.)

২২.    মুহাম্মদ যাকারিয়া।

মুওয়াত্তার অনেক সংক্ষিপ্ত গ্রন্থ প্রণীত হয়েছে। তন্মেধ্যে ইমাম আহমদ ইবন মুহাম্মদ আল-বাস্তী আল-খাত্তাবী (মৃত ২৮৮ হিজরী আবুল-ওয়ালীদ সুলায়মান ইবন খালাক আল-বাজী (মৃত ২৮৮) এবং ইবন রুশায়ক আল-কায়রুণী (মৃত ৪৫৬ হিজরি)-এর সংক্ষিপ্ত গ্রন্থ উল্লেখযোগ্য।

মুওয়াত্তাকে কেন্দ্র করে বিভিন্ন পরিপ্রেক্ষিতে রচিত গ্রন্থমালা 

মুওয়াত্তার কঠিন কঠিন অংশের ব্যাখ্যাগ্রন্থ প্রণয়নকারীগণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, আল-বারকী, আহমদ ইবন ‘ইমরান আল-আখফাশ, আবুল-কাসিম আল‘ওসমানী আল- মিসরী।

মুওয়াত্তার রাবীগণের ওপর যাঁরা গ্রন্থ রচনা করেছেন তাঁদের মধ্যে রয়েছেন,  আবূ ‘আব্দিল্লাহ আল-হায্যা, আবূ ‘আব্দিল্লাহ ইবন মুফাররা, আল-বারকী, আবূ ‘আমর আত-তালামানকী এবং জালালুদ্দীন আস- সুয়ূতী (র) তাঁর গ্রন্থের নাম রাখেন إسعاف المبطأ برجال الموؤطأ ।

এটি মুওয়াত্তার শরাহ গ্রন্থ تنوير الحولك -এর সাথে মুদ্রিত হয়েছে। কাযী ইসমা‘ঈল আল- মুওয়াত্তার হাদীস সমুহের পক্ষে شواهد المؤطأ নামে একটি গ্রন্থ প্রণয়ন করেছেন। আবুল-হাসান দারা কুতনী أطراف المؤطأ নামে একটি গ্রন্থ রচনা করেন। কাযী আবুল-ওলীদ আল-বাজী ও অনুরূপ একটি গ্রন্থ রচনা করেন । আবূ বকর ইবন হাবীব التقصى নামে একটি গ্রন্থ রচনা করেন ।

মুহাম্মদ ‘আব্দুল ‘আযীয আল-খূলী বলেন, হে পাঠক! তুমি হাদীস গ্রন্থসমূহের মধ্যে এ গ্রন্থটির প্রতি ‘আলিম সমাজের গুরুত্বারোপ প্রত্যক্ষ করে উপলব্ধি করতে পার যে, এ গ্রন্থের হাদীস এবং এর মর্যাদা মহান এবং দ্বীনের মধ্যে রয়েছে এর সুষ্ঠু অবস্থান ও ফযীলত। আর যে সকল মুহাদ্দিস ও আলিম এর খিদমতে অগ্রণী ভূমিকা পালন করেছেন তুমি তাঁদের মহত্ত্বতা প্রকাশ কর। কেননা এ গ্রন্থ থেকে তোমরা উপকৃত হওয়ার জন্যই তাঁরা যথেষ্ট ক্লেশ বরণ করেছেন এবং তোমার প্রতি অবদান রাখার উদ্দেশ্যেই তাদের বৃক্ষরূপ গ্রন্থ রচনা করেছেন। সুতরাং তাঁরা যে বীজ রোপণ করেছেন তার ফল তুমি আহরণ কর এবং বল, হে রব! তাঁরা যে কর্ম সাধন করেছে তুমি তাঁদের এর উত্তম প্রতিদান প্রদান কর।

উপসংহার

ইমাম মালিক (র.) রাসূলুল্লাহ (সা.) এর প্রতি অতি সম্মান ও আদব করতেন। রাসূলুল্লাহ (সা.) এর পবিত্র নাম উচ্চারিত হলে তাঁর মুখমণ্ডলের রং পরিবর্তন হয়ে যেত। মসজিদে নববীতে হট্রগোল করা, উচ্চকণ্ঠে কথা বলা পবিত্র স্থানের বে-আদবীর অন্তর্ভুক্ত। তাই তিনি এটাকে পছন্দ করতেন না। মদীনার মাটিতে রাসূলুল্লাহ (সা.) এর পবিত্র কদম পড়েছে সেজন্য তিনি কখনো মদীনায় সওয়ারীর পিঠে সওয়ার হন নি। নবীপ্রেম এবং রাসূলুল্লাহ (সা.) এর হাদীসের সাথে গভীর সম্পর্ক স্থাপনের ফলে ইমামের এমন কোন রাত্রি অতিবাহিত হয়নি, যে রাত্রিতে তিনি রাসূলুল্লাহ (সা.) এর দীদার লাভ করতেন না।

ইমাম মালিক (র.) ‘মুওয়াত্তা’ গ্রন্থখানি প্রণয়নে অপরিসীম শ্রম নিয়োগ করেছিলেন । প্রথমে এক লক্ষ হাদীস বর্ণনা করেন। তা হতে দশ হাজার হাদীসের সমন্বয়ে ‘মুওয়াত্তা’ গ্রন্থ সংকলন করেন। অতঃপর তিনি একে কুরআন ও সুন্নাহর দৃষ্টিতে যাঁচাই করতে থাকেন। সাহাবীদের আ’সার ও অন্যান্য খবর-এর ভিত্তিতেও এর পরীক্ষা করেন। শেষ পর্যন্ত এতে মাত্র পাঁচশত হাদীস সন্নিবেশিত করেন।

‘মুয়াত্তা’য় যা কিছু গ্রহণ করা হয়েছে মুহাদ্দিসীনের রীতিনীতি অনুযায়ী পরীক্ষা নিরীক্ষার পর গ্রহণ করা হয়েছে। ‘মুওয়াত্তা’য় পরিবেশিত সব হাদীস ও ফতওয়া সম্পূর্ণ বিশুদ্ধ। ‘মুওয়াত্তা’র রাবিগণ প্রায়ই ছিলেন হিজাযী। হিজাযের রাবিগণ সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী। কালামুল্লাহর পর কালামে রাসূলের প্রথম কিতাব যা সকলের নিকট সমাদৃত হয়েছে তা হচ্ছে ইমাম মালিক (র.) এর ‘মুওয়াত্তা’। ‘কাশফুয যুনুন’ কিতাবে মন্তব্য করা হয়েছে “ইমাম মালিক ইবনে আনাসের মুয়াত্তাই ইসলামের সর্বপ্রথম হাদীস ও ফিকহের কিতাব।” পরবর্তী যুগে প্রায় সকল হাদীস গ্রন্থই ‘মুওয়াত্তা’ কে অনুসরণ করে সংকলিত হয়েছে। ইমাম শাফেয়ী (র.) বলেছেন, কিতাবুল্লাহর পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে ইমাম মালিক ইবনে আনাসের মুওয়াত্তা। আল্লামা নববী বলেছেন, “ইমাম মালিক ইবনে আনাস মুহাদ্দিসীনের  উস্তাদ”। মুওয়াত্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মুওয়াত্তার হাদীসে তিনজনের বেশি মাধ্যম নেই। সর্বোপরি বলা যায়, মুওয়াত্তা সকলের নিকট গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য একটি হাদীস গ্রন্থ। মুওয়াত্তা-র সমসাময়িক হাদীস গ্রন্থ প্রচলিত নেই এটাই মুয়াত্তার কবুলিয়ত ও শ্রেষ্ঠত্বের অন্যতম প্রমাণ।

7 – ( باب الرجل والمرأة يتوضأان ( 1 ) من إناء واحد )

 35 – أخبرنا مالك حدثنا نافع ( 2 ) عن ابن عمر ( 3 ) : كان الرجال ( 4 ) والنساء يتوضؤون ( 5 ) جميعا ( 6 ) في زمن ( 7 ) رسول الله صلى الله عليه و سلم ( 8 )

 قال محمد : لا بأس ( 9 ) بأن تتوضأ المرأة وتغتسل مع الرجل من إناء ( 10 ) واحد ( 11 ) إن بدأت قبله أو بدأ قبلها ( 12 ) وهو قول أبي حنيفة ( 13 ) رحمه الله

_________

( 1 ) بأن يكون الماء موضوعا في إناء واحد ويغترفان منه

( 2 ) قوله : حدثنا نافع قال شيخ الإسلام الذهبي في ” تذكرة الحفاظ ” : نافع أبو عبد الله العدوي المدني حدث عن مولاه ابن عمر وعن عائشة وأبي هريرة وأم سلمة ورافع بن خديج وطائفة وعنه أيوب وعبيد الله وابن جريج والأوزاعي ومالك والليث وخلق قال البخاري وغيره : أصح الأسانيد مالك عن نافع عن ابن عمر قال ابن وهب : حدثني مالك قال : كنت آتي نافعا وأنا غلام حديث السن فيحدثني وكان يجلس بعد الصبح في المسجد لا يكاد يأتيه أحد قال حماد بن زيد ومحمد بن سعد : مات نافع سنة 117 هـ وقال يحيى بن معين : نافع ديلمي وعن نافع قال : خدمت ابن عمر ثلاثين سنة فأعطي ابن عمر في ثلاثين ألفا فقال : إني أخاف أن تفتني دراهم فأعتقني . انتهى ملخصا

[ موطأ مالك – رواية محمد بن الحسن ]